শান্তি চুক্তির প্রভাবে স্বর্ণের দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অস্থায়ী শান্তি চুক্তি সম্পন্ন হওয়ার পর বিশ্ববাজারে স্বর্ণের দাম এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই চুক্তির ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে ও মার্কিন ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বৃদ্ধির উদ্বেগ কিছুটা প্রশমিত হওয়ায় স্বর্ণের বাজারে বড় উত্থান দেখা গেল। খবর রয়টার্সের।
সোমবার (১৫ জুন) স্পট গোল্ডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ৩৩৬ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে, যা গত ৯ জুনের পর সর্বোচ্চ।
মার্কিন ও ইরানি কর্মকর্তাদের চুক্তি এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণার পর তেলের দাম গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
ইউবিএস-এর বিশ্লেষক জিওভানি স্টাউনোভো জানান, তেলের দাম কমায় বাজারে সুদের হার বৃদ্ধির আশঙ্কা কমেছে, যা মূলত স্বর্ণের দাম দাম বাড়িয়ে দিয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছেন, আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে এই শান্তি চুক্তিটি স্বাক্ষরিত হবে।
চুক্তির আলোচনার মধ্যেই মার্কিন ডলার ১০ দিনের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে। ফলে অন্যান্য মুদ্রাধারীদের জন্য ডলার-মূল্যের এই মূল্যবান ধাতু কেনা আরও সাশ্রয়ী হয়ে উঠেছে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্যমতে, আগামী ডিসেম্বরে মার্কিন সুদের হার বৃদ্ধির সম্ভাবনা গত সপ্তাহের ৬৯ শতাংশ থেকে কমে ৫৩ শতাংশে নেমে এসেছে। বিনিয়োগকারীরা এখন এই সপ্তাহে ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের দিকে তাকিয়ে আছেন। তবে বার্কলেস সামগ্রিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের বাজারে ইতিবাচক মনোভাব বজায় রেখেছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দাম ৪ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭০ দশমিক ৭৬ ডলারে, প্ল্যাটিনামের দাম ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে এক হাজার ৭৭৮ দশমিক ২০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে এক হাজার ৩৪৬ দশমিক ৩৬ ডলারে দাঁড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক