যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৪
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতা চূড়ান্ত হওয়ার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) লেবাননের দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ গভর্নরেটে একাধিক ড্রোন হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, নাবাতিয়েহ জেলার মায়ফাদুন এলাকায় পৃথক দুটি ড্রোন হামলায় দুটি যানবাহন লক্ষ্যবস্তুতে পরিণত হয়। একই সময়ে শৌকিন গ্রামেও আরেকটি গাড়িতে হামলা চালানো হয়। এসব হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় ইরান বারবার জোর দিয়ে বলেছে, যেকোনো যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে।
যদিও দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) পূর্ণাঙ্গ পাঠ এখনও প্রকাশ করা হয়নি, তবে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, চুক্তিতে লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা উপস্থিতি অব্যাহত থাকলে তা চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
আরাঘচি বলেন, এই যুদ্ধে দখল করা লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার না হলে যুদ্ধ প্রকৃত অর্থে শেষ হয়েছে বলা যাবে না।
ইরানের সামরিক সমন্বয়কারী সংস্থা খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সও সতর্ক করে বলেছে, দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে কঠোর জবাবের মুখোমুখি হতে হবে।
এদিকে লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির সঙ্গে টেলিফোনে আলাপকালে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান, যাতে তারা ইসরায়েলকে লেবাননে সামরিক অভিযান বন্ধ, বাড়িঘর ধ্বংস বন্ধ এবং দখলকৃত এলাকা থেকে সেনা প্রত্যাহারে বাধ্য করে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ঘোষণা দেওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, ইসরায়েল দক্ষিণ লেবাননে তাদের অবস্থান বজায় রাখবে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, ইরান তাদের আশ্বস্ত করেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনায় দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হবে।
এদিকে হামলার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও হতাশা দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাসের বলেন, ইসরায়েলের সঙ্গে এটি কয়েক দশকের সংঘাত। এমন একটি শত্রুর ওপর কখনোই ভরসা করা যায় না। তাই আমরা নিজেদের নিরাপদ মনে করতে পারি না।
আরেক বাসিন্দা হুসেইন বদরুদ্দিন বলেন, ইসরায়েলি বাহিনী ১৯৯০-এর দশকে দক্ষিণ লেবাননে যে অবস্থানগুলো দখল করে রেখেছিল, সেগুলো পুনরায় নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। তবে প্রতিরোধ যোদ্ধারা তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিচ্ছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে পুনরায় সংঘাত শুরু হওয়ার পর দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত ৩ হাজার ৮২৬ জন নিহত এবং ১১ হাজার ৮৫১ জন আহত হয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক