কাল আসছে প্রবাসীর অশ্রু

বর্তমান সময়ের বাস্তবধর্মী গল্পনির্ভর নাটকের দর্শক চাহিদা দিন দিন বাড়ছে। সেই ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার রাজ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে নতুন নাটক ‘প্রবাসীর অশ্রু’। প্রবাসজীবনের সংগ্রাম, পরিবার থেকে দূরে থাকার কষ্ট, ভালোবাসা, ত্যাগ ও আবেগঘন নানা ঘটনার সমন্বয়ে নির্মিত হয়েছে নাটকটি। নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। গল্প লিখেছেন মিরাজ খান রাজ এবং রচনা করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় কথাসাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জন।
নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শামীম জামান, মিরাজ খান রাজ, আরফান আহামেদ, শেলি আহসান, তাহামিনা সুলতানা মৌসহ আরও অনেকে। নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটিতে তুলে ধরা হয়েছে একজন প্রবাসীর জীবনসংগ্রামের অজানা কিছু দিক, যা সাধারণ দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।
নাটকটি প্রসঙ্গে রচয়িতা ফরিদুল ইসলাম নির্জন বলেন, আমাদের দেশের অসংখ্য মানুষ পরিবার-পরিজনের সুখের আশায় বিদেশে পাড়ি জমান। কিন্তু তাদের জীবনের কষ্ট, একাকীত্ব, ত্যাগ ও না বলা গল্পগুলো অনেক সময় আড়ালেই থেকে যায়। ‘প্রবাসীর অশ্রু’ নাটকের মাধ্যমে সেই অনুভূতিগুলো দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি, নাটকটি দর্শকদের আবেগাপ্লুত করবে।
রাজ মাল্টিমিডিয়া প্রধান নির্বাহী ও অভিনেতা মিরাজ খান রাজ বলেন, এই নাটকের গল্পটি বাস্তবতার খুব কাছাকাছি। প্রবাসীদের জীবন বাইরে থেকে যতটা সুন্দর মনে হয়, ভেতরে ততটাই কষ্ট ও সংগ্রামে ভরা। আমরা সেই বাস্তব চিত্রটি নাটকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। দর্শক নাটকটি দেখলে নিজেদের আশপাশের অনেক মানুষের গল্প খুঁজে পাবেন। আমি নাটকটি শুটিং করতে লন্ডন থেকে এসেছি। সবার আন্তরিকতায় ভালো কিছু ফুটিয়ে তুলেছি।
পরিচালক আল হাজেন জানান, নাটকটি নির্মাণে পুরো টিম আন্তরিকভাবে কাজ করেছে। গল্প, অভিনয় ও নির্মাণে দর্শকদের জন্য ভিন্নধর্মী কিছু উপহার দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে নাটকের আবেগঘন দৃশ্যগুলো দর্শকদের মনে দাগ কাটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নাটকের শিল্পীরাও কাজটি নিয়ে বেশ আশাবাদী। তারা মনে করছেন, পারিবারিক ও মানবিক আবেগে ভরপুর এই নাটক দর্শকদের কাছে আলাদা আবেদন তৈরি করবে। নাটকের দৃশ্যধারণ, সংলাপ ও গল্পের উপস্থাপনায় বাস্তবতার ছাপ রাখার চেষ্টা করেছেন নির্মাতারা।
সবমিলিয়ে আবেগ, ভালোবাসা, ত্যাগ ও প্রবাস জীবনের না বলা গল্প নিয়ে নির্মিত ‘প্রবাসীর অশ্রু’ নাটকটি দর্শকদের জন্য হতে যাচ্ছে বিশেষ এক আয়োজন। নাটকটি দেখতে আগামীকাল চোখ রাখুন রাজ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে।









































