কাজের মেয়ে অরির

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য ভিন্নধর্মী আয়োজন নিয়ে হাজির হচ্ছে বাংলাভিশন। চ্যানেলটিতে প্রচারিত হতে যাচ্ছে সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘কাজের মেয়ে অরিন’। নাটকটি পরিচালনা করেছেন মিতুল খান। সোহাইল রহমানের গল্প অবলম্বনে নাটকটির রচনা করেছেন কথাসাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জন।
আসন্ন ঈদকে ঘিরে নির্মিত এই নাটকে থাকছে হাসি-আনন্দ, আবেগ, সম্পর্কের টানাপোড়েন ও জীবনের নানা বাস্তবতার ছোঁয়া। নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটির গল্প ও নির্মাণশৈলীতে দর্শক খুঁজে পাবে ভিন্ন স্বাদের বিনোদন। প্রতিদিন রাত ৮টা ৪০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে নাটকটি।
নাটকটি প্রসঙ্গে কথাসাহিত্যিক ও নাট্যকার ফরিদুল ইসলাম নির্জন বলেন, “কাজের মেয়ে অরিন’ শুধু বিনোদনের গল্প নয়, এর ভেতরে রয়েছে জীবনের নানা অনুভূতির প্রতিচ্ছবি। নাটকটি লিখতে গিয়ে প্রতিটি চরিত্রের সঙ্গে আমি যেন নিজেও মিশে গিয়েছিলাম। ভীষণ ভালোবাসা আর আনন্দ নিয়ে কাজটি করেছি। ঈদের আনন্দঘন মুহূর্তে দর্শক নাটকটি উপভোগ করবেন—এটাই আমার সবচেয়ে বড় প্রত্যাশা।”
নির্মাতা মিতুল খান বলেন, “আমরা সবসময় চেষ্টা করেছি দর্শকদের জন্য একটু আলাদা কিছু উপহার দিতে। ‘কাজের মেয়ে অরিন’ সেই চেষ্টারই একটি অংশ। এই ধরনের নির্মাণ খুব কম দেখা যায়। আমি বিশ্বাস করি, নাটকটির গল্প, উপস্থাপন ও চরিত্রগুলো দর্শকদের মনে আলাদা জায়গা করে নেবে।”
নাটকটিতে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি,চিত্রলেখা গুহ,জুনায়েদ,জাবেদ গাজী, অনিক,সিয়াম,জাকি,রিমু সহ আরও অনেকেই।









































