ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুর বিষয়ে বক্তব্য দেওয়ায় হুমকি, থানায় জিডি করলেন ডা. সায়মা

নেত্রকোণা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ৭ মে ২০২৬   আপডেট: ২০:৩৬, ৭ মে ২০২৬
ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশুর বিষয়ে বক্তব্য দেওয়ায় হুমকি, থানায় জিডি করলেন ডা. সায়মা

ডা. সায়মা আক্তার

নেত্রকোণার মদনে ধর্ষণের শিকার হয়ে এক শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় বক্তব্য দেওয়ার পর গণধর্ষণ ও প্রাণনাশের হুমকি পাচ্ছেন ডা. সায়মা আক্তার। এ অভিযোগ করে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার (৭ মে) সকালে মদন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। 

জিডি সূত্রে জানা গেছে, গত ৩ মে মদন উপজেলায় আলোচিত ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার পর থেকেই বিভিন্ন ফেসবুক আইডি ও মোবাইল নম্বর থেকে হুমকি পাচ্ছেন ডা. সায়মা আক্তার। 

ডা. সায়মা আক্তার জানিয়েছেন, প্রতি বৃহস্পতিবার তিনি মদন উপজেলার স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। গত ৩০ এপ্রিল দুপুরে ১১ বছর বয়সী এক শিশু তার মাকে সঙ্গে নিয়ে তার চেম্বারে আসে। শিশুটির শারীরিক সমস্যার কথা শুনে পরীক্ষা-নিরীক্ষা করে তিনি জানতে পারেন, শিশুটি ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এ বিষয়ে জানতে চাইলে শিশুটি অভিযোগ করে, মাদ্রাসার এক শিক্ষক জোরপূর্বক তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন।

বিষয়টি জানাজানি হওয়ার পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল তার কাছে শিশুটির বর্তমান অবস্থা জানতে চাইলে চিকিৎসা-সংক্রান্ত তথ্য তুলে ধরেন ডা. সায়মা। ওই সংবাদ প্রকাশের পর থেকেই বিভিন্ন ফেসবুক আইডি ও অপরিচিত ফোন নম্বর থেকে তাকে গণধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। 

এ বিষয়ে নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের সঙ্গে কথা বললে তিনি জিডি করার পরামর্শ দেন। এর পর নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে মদন থানায় জিডি করেন ডা. সায়মা আক্তার।

এর আগে ডা. সায়মা নিজের ফেসবুক আইডিতে লিখেন, “নিতান্তই বাধ্য হয়ে এই ভিডিওটি করা। লাইফ থ্রেট, কুপিয়ে হত্যা করার হুমকিসহ আমার ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা চলছে। একটি ১১ বছরের মেয়ের পাশে দাঁড়ানোই কি আমার অপরাধ?” 

তিনি তার পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নেত্রকোনা- ৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের সহায়তা কামনা করেন।

জিডির বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেছেন, “ডা. সায়মা আক্তার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/ইবাদ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়