ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিশুদের উৎসাহ দিয়ে প্রধানমন্ত্রীর উপহার পেলেন খালেদা আক্তার

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ২৭ মে ২০২৬  
শিশুদের উৎসাহ দিয়ে প্রধানমন্ত্রীর উপহার পেলেন খালেদা আক্তার

ফেনীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চলাকালে কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার একটি ভিডিও নজরে আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উৎসাহ প্রদানকারী ওই শিক্ষিকাকে উপহার পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (২৬ মে) রাতে শহরের সেলিনা পারভীন সড়কে ওই শিক্ষিকার বাসায় উপহার পৌঁছে দেন জেলা প্রশাসক মনিরা হক।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল ফেনী পিটিআই স্কুল মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে সেমিফাইনালে অংশ নেয় সদর উপজেলার গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ম্যাচ চলাকালীন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সৈয়দা খালেদা আক্তার পারভীন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহ দিচ্ছিলেন। সেই সময়ের  ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ভিডিওটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি সৈয়দা খালেদা আক্তার পারভীনকে শুভেচ্ছা উপহার প্রদানের নির্দেশ দেন। নির্দেশনা পেয়ে জেলা প্রশাসন তার বাড়িতে উপহার নিয়ে যান।

প্রাথমিক শিক্ষা কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবদুল মতিন বলেন, ‘‘সেদিন এ মুহূর্তটি আমার মোবাইলে ধারণ করেছিলাম। আমাদের মতো প্রত্যন্ত অঞ্চলের  শিক্ষকের এমন একটি বিষয় প্রধানমন্ত্রীর নজরে আসা অনেক বড় পাওয়া। এমন উদ্যোগ আগামীতে শিশুদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষকদের সম্পৃক্ততায় ইতিবাচক বার্তা দেবে।’’ 

নিজের অনুভূতি ব্যক্ত করে সৈয়দা খালেদা আক্তার পারভীন বলেন, ‘‘আমি শিক্ষার্থীদের সঙ্গে সবসময় নিজের সন্তানের মতো আচার-আচরণ করার চেষ্টা করি। আমার বাবা-স্বামীও ক্রীড়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সেই অনুপ্রেরণায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় সবসময় নিজে মাঠে থেকে উৎসাহ দেওয়ার চেষ্টা করি। এবারও টুর্নামেন্টের সেমিফাইনালের একটি খেলা চলাকালে কেউ একজন ভিডিওচিত্র ধারণ করেন। পরবর্তীতে ভিডিওটি প্রধানমন্ত্রীর নজরে আসায় তিনি আজ উপহার পাঠিয়েছেন। বিষয়টি আমার জন্য অনেক বড় পাওয়া।’’

ফেনীর জেলা প্রশাসক মনিরা হক বলেন, ‘‘নির্দেশনা পেয়ে শিক্ষিকার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার নিয়ে এসেছি। শিক্ষিকার এমন উৎসাহ দেওয়ার বিষয়টি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক ও অত্যন্ত ইতিবাচক।’’ 

এ সময় ফেনী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সৌভিক রায়, মো. শাহরিয়ার সজল, প্রাথমিক শিক্ষা কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবদুল মতিন, গিল্লাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেনা সুলতানা, সহকারী শিক্ষক শাহিন আক্তার উপস্থিত ছিলেন। 

ঢাকা/সাহাব//

সর্বশেষ

পাঠকপ্রিয়