ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর খাগড়াছড়ির বিনোদন কেন্দ্র
খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
এবার ঈদুল আজহার দিন থেকেই জমে উঠেছে খাগড়াছড়ির বিনোদন কেন্দ্রগুলো। ঈদের পরের দিন ব্যাপক ভিড় দেখা গেছে। স্থানীয় দর্শনার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই এসেছেন খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। ঈদের ছুটির পুরো সময়ে আরো অনেক পর্যটকের আগমন ঘটবে বলে আশা পর্যটন সংশ্লিষ্টদের।
ঢাকার ধামরাই থেকে খাগড়াছড়িতে ঘুরতে স্যামুয়েল সাহা, মুক্তা ঘোষ ও চট্টগ্রাম থেকে আসা মো. খোকন বলেন, অনেকে অনেক টাকা খরচ করে বিদেশে ঘুরতে যান। কিন্তু, আমাদের দেশে এত সুন্দর ও মনোমুগ্ধকর দেখার মতো জায়গা আছে, তা অনেকেই এখনো জানেন না।
তারা বলেন, খাগড়াছড়ির আলুটিলা আসলেই মনোমুগ্ধকর পর্যটন কেন্দ্র। এখান থেকে দেখা যায় খাগড়াছড়ি পুরো শহর ও বয়ে যাওয়া আঁকা-বাঁকা চেঙ্গী নদীর সুন্দর দৃশ্য। এখানকার নির্মল বাতাস প্রাণ শীতল করে দেয়। আলুটিলার রহস্যময় সুরঙ্গ বেড়ানোর আনন্দকে দ্বিগুণ করে দেয়।
স্ত্রী-সন্তাদের নিয়ে পুরান ঢাকা থেকে এসেছেন মো. হেলাল উদ্দিন। তারা বলেন, বেশ ভালো লেগেছে। এরকম রহস্যময় গুহা দেশের কোথাও আছে বলে মনে হয় না।
পর্যটকরা যাতে সুন্দর ও নিরাপদভাবে খাগড়াছড়ির বিনোদন কেন্দ্রগুলো ঘুরতে পারেন, তাদের যেন কোনো অসুবিধা না হয়, সে বিষয়ে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
টুরিস্ট পুলিশের সহকারী পরিদর্শক নয়ন বড়ুয়া বলেছেন, “প্রতিটি বিনোদন কেন্দ্রে আছে নিরাপত্তার ব্যবস্থা। কোনো পর্যটক যদি কোনো কারণে সমস্যায় পড়েন, তাদেরকে দ্রুত সহযোগিতা করার ব্যবস্থা আছে।”
খাগড়াছড়ির উল্লেখযোগ্য বিনোদন কেন্দ্রগুলো হচ্ছে— আলুটিলা, হটিকালচার পার্ক, ঝুলন্ত সেতু, মায়বিনী লেক, হাতিমাথা পাহাড়, দেবতা পুকরু, তৈদু ছড়া ঝর্ণা, পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র প্রভৃতি।
ঢাকা/রূপায়ন/রফিক
প্রথম টি–টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হারল বাংলাদেশ