ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ১ জুন ২০২৬   আপডেট: ১৪:৩২, ১ জুন ২০২৬
দিনাজপুরে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

ফাইল ফটো

দিনাজপুর জেলাসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় জনজীবন দুর্বিষহ হয়ে ওঠেছে। প্রচণ্ড রোদ ও গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, রিকশা-ভ্যান চালক, কৃষিশ্রমিক ও পথচারীরা।

আরো পড়ুন:

সোমবার (১ জুন) দুপুর ১২টায় দিনাজপুর জেলা আবহাওয়া অফিস জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। 

দিনের শুরু থেকেই প্রখর রোদ ও গরম বাতাসের কারণে শহর ও গ্রামাঞ্চলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। দুপুরের দিকে প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। যারা জরুরি কাজে বাইরে বের হচ্ছেন, তাদেরকে ছাতা, টুপি ও পানির বোতল সঙ্গে রাখতে দেখা গেছে। তীব্র রোদে রাস্তা-ঘাট, হাট-বাজার ও খোলা মাঠে কাজ করা মানুষেরা সামান্য ছায়ার আশ্রয় খুঁজছেন। অনেকেই গরম থেকে স্বস্তি পেতে গাছতলা, দোকানের ছাউনিসহ বিভিন্ন স্থানে অবস্থান করছেন।

এদিকে অতিরিক্ত তাপমাত্রার কারণে জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুতের চাহিদাও বেড়েছে। একই সঙ্গে গরমজনিত অসুস্থতা, পানিশূন্যতা ও হিটস্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় চিকিৎসকরাও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুরসহ আশপাশের কয়েকটি জেলার ওপর দিয়ে বর্তমানে একটি মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

তিনি আরো জানান, আগামী ৪ জুন থেকে এ অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা সৃষ্টি হতে পারে। এর আগে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে রংপুর বিভাগের দু-একটি স্থানে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃষ্টিপাত শুরু হলে তাপমাত্রা কিছুটা কমে আসবে এবং জনজীবনে স্বস্তি ফিরতে পারে। তবে তার আগে পর্যন্ত গরমের এই অস্বস্তিকর পরিস্থিতি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, কয়েকদিন ধরে টানা গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দ্রুত বৃষ্টিপাত হলে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করছেন তারা।

ঢাকা/মোসলেম/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়