বৃষ্টির পানিতে ভেলা বানিয়ে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শেরপুরের শ্রীবরদীতে বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার ৫ নম্বর গোশাইপুর ইউনিয়নের পূর্ব বাদেঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—পূর্ব বাদেঘোনাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. হানজালা (৯) এবং একই গ্রামের নেকাবর আলীর ছেলে মো. সিদ্দিক মিয়া (৬)। তারা সম্পর্কে প্রতিবেশী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা একটি স্থানে কলাগাছের ভেলা বানিয়ে খেলছিল হানজালা ও সিদ্দিক। খেলার একপর্যায়ে তারা দুজনেই গভীর পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা ওই স্থান থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।
গোসাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজামাল ইসলাম আশিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা/তারিকুল/রাজীব