ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাভারে মডেল নায়লা নাঈমকে হেনস্তার অভিযোগ

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ২ জুন ২০২৬   আপডেট: ১৬:৫৬, ২ জুন ২০২৬
সাভারে মডেল নায়লা নাঈমকে হেনস্তার অভিযোগ

নায়লা নাঈম (ফাইল ফটো)

ঢাকার সাভারের ভাকুর্তা এলাকায় মডেল ও অভিনেত্রী নায়লা নাঈমকে হেনস্তার অভিযোগ উঠেছে অজ্ঞাত এক ব্যক্তির বিরুদ্ধে। বাজারে শাক-সবজি কেনার সময় এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে পোশাক ও পর্দা নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ করেছেন তিনি। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।

নায়লা নাঈমের ভাষ্য অনুযায়ী, সোমবার (১ জুন) বিকেলে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ভাকুর্তা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকায় তাদের পারিবারিক জমি রয়েছে। সেখান থেকে ঢাকায় ফেরার পথে তিনি বাজারে শাক-সবজি কিনতে গিয়েছিলেন। 

তবে, অভিযুক্ত ব্যক্তিকে চিহ্নিত করতে পারেননি নায়লা নাঈম। ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

নায়লা নাঈম জানান, তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের শাক-সবজি কিনছিলেন। তার দুই হাতে বাজারের ব্যাগ ছিল। এক হাতে আগে কেনা প্রায় পাঁচ-ছয় কেজি সবজি এবং অন্য হাতে আরো একটি ব্যাগ ছিল। বাজারের একটি দোকানে টাকা পরিশোধের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ব্যক্তি তার বাম পাশ দিয়ে এসে জোরে ধাক্কা দেন।

তিনি দাবি করেন, ধাক্কা দেওয়ার সময় ওই ব্যক্তি তার পোশাক নিয়ে মন্তব্য করেন।

নায়লা নাঈম বলেন, ‘লোকটা বলে, আমার মাথায় পর্দা নাই, আমি কেন বাজারে আসছি? পর্দা নাই, বাজারে ঘুরতেছে— এ ধরনের কথাও বলেছে। প্রথমে আমি বিষয়টা বুঝতে পারিনি। পরে বুঝতে পারি, এসব কথা বলেই আমাকে ধাক্কা দেওয়া হয়েছে।”

নায়লা নাঈমের দাবি, ঘটনাটি ছিল সম্পূর্ণ ইচ্ছাকৃত। তিনি বলেন, “ওই ব্যক্তি দুই হাত ব্যবহার করে আমাকে ধাক্কা দেয়। আমার ব্যাগ বরাবর জোরে ধাক্কা দেয়। সেখানে দাঁড়ানোর জায়গাও খুব কম ছিল। আমি শুধু দোকানদারের কাছ থেকে টাকা ফেরত নিয়ে অটোতে উঠে চলে যেতে চেয়েছিলাম।”

ঘটনার পর দ্রুত বাজার ত্যাগ করেন নায়লা নাঈম। অটোতে ওঠার পর কয়েক মিনিটের মধ্যে পুরো বিষয়টি উপলব্ধি করেন বলে জানান। 

তিনি বলেন, “আম্মু তখন আমার ব্যাগ ঠিক করছিল এবং আমাকে স্বাভাবিক করার চেষ্টা করছিল। আমি এমন মানুষ না যে, কেউ বাজে মন্তব্য করবে আর আমি কিছু না বলে চলে আসব। কিন্তু, ঘটনাটা এত আকস্মিক ছিল যে, আমি প্রতিবাদই করতে পারিনি। পুরো রাস্তা ভাবছিলাম, আমার নিজের দেশে আমি কেন এমন অপমানের শিকার হলাম।”

এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন কি না, এ প্রশ্নের জবাবে নায়লা নাঈম জানান, তিনি এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ করেননি। 

নায়লা নাঈম বলেন, “সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমি কাউকে কিছু জানাইনি। প্রথমেই সবাই এভিডেন্স চাইবে। আমি তো লোকটাকে চিনি না। একজন র‌্যান্ডম বাজারের লোক। তাকে কোথা থেকে খুঁজে বের করব? বাজারের লোকজনের সঙ্গে কথা বলারও সুযোগ হয়নি। তার আগেই আম্মু আমাকে নিয়ে চলে আসে।”

এ বিষয়ে সাভার মডেল থানার ভাকুর্তা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ আলী বলেন, “এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। এখনো আমরা বিষয়টি নিয়ে অবগত নই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/সাব্বির/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়