ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ২ জুন ২০২৬  
অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

রংপুরের মিঠাপুকুরের বালারহাট এলাকায় বিষাক্ত অ্যালকোহল পান করায় ৩ ব্যক্তির মৃত্যু হয়েছে। আরেক ব্যক্তি গুরুতর অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

মৃত ব্যক্তিরা হলেন—মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের সাতভেন্টি এনায়েতপুর গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ছাত্তার মিয়া (৫০) ও একই ইউনিয়নের বুজরুক ঝালই এলাকার মৃত মতিয়ার মিয়ার ছেলে হুজুর আলী (৪৫) এবং সংগ্রামপুর বেলতলা এলাকার মৃত কফুর উদ্দিনের ছেলে মো. সাজু মিয়া (৫৫)। গুরুতর অসুস্থ ব্যক্তি হলেন বুজরুক ঝালাই পাকার মাথা এলাকার মৃত সুলতান আলীর ছেলে মো. এরশাদ মিয়া (৪০)।

মঙ্গলবার (২ মে) সকালে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাইদুল ইসলাম।

স্থানীয়রা জানিয়েছেন, রবিবার (৩১ মে) রাতে বালারহাট বাজারে কয়েকজন ব্যক্তি অ্যালকোহল পান করেন। পরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয় এবং অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। হুজুর আলী ও সাজু মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

ছাত্তার মিয়া তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে কয়ারমারি গুচ্ছ গ্রামে বাস করতেন। অসুস্থ হয়ে পড়ার পর সেখানেই তিনি মারা যান। ছাত্তার মিয়ার মরদেহ এনায়েতপুর সাতভেন্টি এলাকায় তার বোন মোছা. আকলিমা বেগমের বাড়িতে আছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. মাইদুল ইসলাম বলেন, “তারা মদ পান করে মারা গেছে। লাশ যাতে পোস্টমর্টেম করাতে না হয়, এজন্য পরিবারের লোকজন বিষয়টা গোপন করার চেষ্টা করতেছে।”

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদ হোসেন জানান, এ ঘটনায় এখনো তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ বলেছেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/আমিরুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়