শেবাচিম হাসপাতালের মেডিকেল স্টোরে অগ্নিকাণ্ড
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধের স্টোররুমে মঙ্গলবার রাতে আগুন লাগে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২ জুন) রাত ১১টার দিকে হাসপাতালের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালের নিচতলার স্টোর রুমে হঠাৎ করে আগুন দেখতে পান রোগীর স্বজনরা। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় কেউ আহত হননি।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সেলিম বলেন, “ঘটনাস্থলে এসে দেখি শুধু ধোঁয়া উড়ছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলমান।”
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. আব্দুল মুনায়েম সাদ বলেন, “আগুনে স্টোরে থকা কিছু ঔষধ এবং ইলেকট্রিক তার ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে।”
ঢাকা/পলাশ/মাসুদ