ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

মেহেরপুরে বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড় রেখে হুমকি

মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ৩ জুন ২০২৬   আপডেট: ১১:২৬, ৩ জুন ২০২৬
মেহেরপুরে বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড় রেখে হুমকি

মেহেরপুরে বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের রেখে যাওয়া চিরকুট পড়ছেন এলাকাবাসী

মেহেরপুর সদর উপজেলায় এক বিএনপি নেতার বাড়ির সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজলের বোতল ও চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে ওই নেতার জীবননাশের হুমকি দেওয়া হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

আরো পড়ুন:

বুধবার (৩ জুন) সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের বাড়ির প্রাচীরের ওপর এসব দেখতে পেয়ে পুলিশকে খবর দেন বিএনপি নেতার পরিবারের সদস্যরা।

হুমকি পাওয়া বিএনপি নেতার নাম লস্কর আলী। তিনি পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্র জানায়, লস্কর আলী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুনের সমর্থক হিসেবে পরিচিত।

এলাকাবাসীর অভিযোগ, দুর্বৃত্তরা লস্কর আলীর বাড়ির সামনে ইটের দেয়ালের ওপর একটি হালকা নীল রঙের পলিথিনে মোড়ানো কাফনের কাপড়, আগরবাতির প্যাকেট, গোলাপজলের বোতল এবং একটি চিরকুট রেখে যায়। চিরকুটে ওই নেতার জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। 

গ্রামের বাসিন্দা ফরিদুল ইসলাম বলেন, ‍“সকালে জানতে পারি রাতের কে বা কারা লস্করের বাড়ির দেয়ালের ওপর কাফনের কাপড়, হুমকি দেওয়া চিরকুট ও গোলাপজল  রেখে গেছে। খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করেছে।”

লস্কর আলী জানান, তিনি ৩০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কেন বা কারা কি কারণে কাফনের কাপড় ও গোলাপজল রেখে গেছে তা তিনি জানেন না।

মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

ঢাকা/ফারুক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়