ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত 

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ৩ জুন ২০২৬  
সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত 

ফাইল ফটো

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) মধ্যরাত ২টার দিকে সীমান্তসংলগ্ন কালিন্দী নদী এলাকায় হামলার শিকার হন তারা। 

আরো পড়ুন:

বুধবার (৩ জুন) সকালে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন এ তথ্য জানিয়েছেন।

আহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় এক বছর আগে ওই দুই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যান। তারা কলকাতার হাওড়া হয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে অবস্থান করে রাজমিস্ত্রি হিসেবে কাজ করেন। মঙ্গলবার তারা অবৈধভাবে দেশে ফেরার চেষ্টা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বসন্তপুর সীমান্তসংলগ্ন বাশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাত সোয়া ৩টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে শরীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান।

কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে, তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে বাংলাদেশে ফেরার সময় বিএসএফের গুলির শিকার হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত দুজনের অবস্থাই গুরুতর হওয়ায় তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় প্রায়ই বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের দাবি জানাচ্ছে।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়