ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

দিনাজপুরে নদীতে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৬, ৩ জুন ২০২৬  
দিনাজপুরে নদীতে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু

আত্রাই নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

দিনাজপুরের খানসামা উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কালিরবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন:

নিহতরা হলেন, রাজধানীর মিরপুর-১১ এলাকার বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের ছেলে মান্না ইসলাম (৪৫) ও সাদ্দাম হোসেন (৩২)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৩১ মে) সাদ্দাম হোসেন স্বপরিবারে ঢাকা থেকে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চাম্পাতলী গ্রামে তার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বুধবার (৩ জুন) সকালে দুই ভাইসহ পরিবারের সদস্যরা লিচু কেনার উদ্দেশ্যে খানসামা উপজেলার জোয়ার এলাকার একটি লিচু বাগানে যায়। লিচু কেনা শেষে ফেরার পথে কালিরবাজার ঘাটে পৌঁছে চারজন একসঙ্গে আত্রাই নদীতে গোসল করতে নামে।

গোসলের একপর্যায়ে মান্না ইসলামের দুই ছেলে সজীব (১৬) ও নুর আলম (১২) কোনোভাবে নদী থেকে উঠে আসতে সক্ষম হলেও মান্না ইসলাম ও তার ভাই সাদ্দাম হোসেন গভীর পানিতে তলিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় দুপুর ২টা ১৫ মিনিটে মান্না ইসলামের লাশ উদ্ধার করা হয়। পরে রংপুর থেকে আসা ডুবুরি দল বিকেল ৩টা ৩৫ মিনিটে সাদ্দাম হোসেনের লাশ উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, বর্তমানে নদীর পানি তুলনামূলক কম থাকলেও কালিরবাজার ঘাট এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে নদীর তলদেশে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই গর্তে তলিয়ে যাওয়ার কারণেই দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আবুল কালাম আজাদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে ডুবুরি দলের সহায়তায় অপর লাশটিও উদ্ধার করা সম্ভব হয়।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাসেত সরকার বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ইতোমধ্যে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা/মোসলেম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়