ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

হবিগঞ্জে ‘ব্রাজিল’-‘আর্জেন্টিনা’ ম্যাচ নিয়ে সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ৩ জুন ২০২৬   আপডেট: ২১:৫৩, ৩ জুন ২০২৬
হবিগঞ্জে ‘ব্রাজিল’-‘আর্জেন্টিনা’ ম্যাচ নিয়ে সংঘর্ষে আহত ৫০

সংঘর্ষে আহত অনেককে হাসপাতালে ভর্তি করা হয়।

হবিগঞ্জে আর্জেন্টিনা বনাম ব্রাজিল নাম দিয়ে ফুটবল খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। 

আরো পড়ুন:

বুধবার (৩ জুন) বিকেলে সদর উপজেলার লোকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে আহতদের বেশ কয়েকজনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ জুন) বিকেলে কাশিপুর গ্রামে স্থানীয় যুবকদের মধ্যে আর্জেন্টিনা বনাম ব্রাজিল নাম দিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ব্রাজিল দল ২-০ গোলে পরাজিত হয়। খেলা শেষে আর্জেন্টিনার সমর্থকেরা আনন্দ উল্লাস শুরু করলে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। পরে রাতে এলাকার মুরুব্বিরা বৈঠক করে বিষয়টি মীমাংসা করে দেন।

এই বিরোধের জের ধরে বুধবার বিকেলে উভয় পক্ষের লোকজন আবারো তর্কে জড়ান। একপর্যায়ে দুই পক্ষের মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। 

সন্ধ্যায় হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ হাঙ্গামার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

ঢাকা/মামুন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়