Published : 17 Jun 2026, 01:31 AM
নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগের দিন কন্যা সন্তানের বাবা হওয়ার সুখবর পেয়েছেন জেমি স্মিথ। এই ম্যাচে খেলতে পারবেন না তিনি। তার জায়গায় টেস্ট ক্যাপ পাচ্ছেন তরুণ কিপার-ব্যাটসম্যান জেমস রু। তাতে সাড়ে সাত দশক আগের একটি স্মৃতি ফিরছে ইংলিশ ক্রিকেটে।
ওভালে বুধবার শুরু হবে দ্বিতীয় টেস্ট। স্মিথকে রেখেই সোমবার ঘোষণা করা হয় ইংল্যান্ডের একাদশ। তখনই অবশ্য জানানো হয়েছিল, স্মিথ ছুটিতে গেলে তার জায়গায় খেলবেন রু।
মঙ্গলবার ভোরে স্মিথের সঙ্গী কেট দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, স্মিথকে দ্বিতীয় টেস্ট থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যাতে তিনি তার সঙ্গী ও পরিবারের সঙ্গে থাকতে পারেন।
লর্ডসে জেতা প্রথম টেস্টের একাদশ থেকে পাঁচটি পরিবর্তন নিয়ে ওভালে নামছে ইংল্যান্ড, অভিষেক হচ্ছে তিন জনের।
গত সপ্তাহে লন্ডনের একটি নাইটক্লাবের ঘটনায় অধিনায়ক বেন স্টোকস ও গাস অ্যাটকিনসনকে দ্বিতীয় টেস্টের স্কোয়াডেই রাখা হয়নি। হাঁটুর চোটে দল থেকে বাদ পড়েন অলি রবিনসন। লর্ডসে পেস সহায়ক উইকেটে শোয়েব বাশিরের অফ স্পিনের প্রয়োজন না হওয়ায় তাকেও বাইরে চলে যেতে হয়েছে। এবার ছুটিতে গেলেন স্মিথ।
রুর মতো টেস্ট ক্যাপ পাচ্ছেন ব্যাটসম্যান জর্ডান কক্স ও পেসার সনি বেকার। ফিরেছেন দুই পেসার জফ্রা আর্চার ও ম্যাথু ফিশার।
২০১৭ সালের জুলাইয়ের পর এই প্রথম একাদশে তিন জন অভিষিক্ত ক্রিকেটারকে নিয়ে টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড। আর ১৯৫১ সালের ডিসেম্বরের পর এই প্রথম ইংল্যান্ড এমন পাঁচ জন ক্রিকেটারকে নিয়ে টেস্ট খেলবে, যাদের কেউ এর আগে একটির বেশি টেস্ট খেলেননি।
তিন জন তো খেলবেন ক্যারিয়ারের প্রথম টেস্ট। এছাড়া এমিলিও গে ও ফিশারের একটি করে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে। লর্ডসে অভিষেক হয় ওপেনার গের। ২০২২ সালের মার্চে অভিষিক্ত ফিশার দ্বিতীয় টেস্ট খেলবেন চার বছর পর।
২২ বছর বয়সী রু প্রথমবার ইংল্যান্ড টেস্ট দলে ডাক পান গত বছর। কয়েক বছর ধরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ধারাবাহিকভাবে রান করে আসছেন তিনি। ২০২৩ মৌসুমের শুরু থেকে প্রথম শ্রেণির প্রতিযোগিতাটিতে ১১টি সেঞ্চুরি করেছেন দারুণ প্রতিভাবান এই ক্রিকেটার।
এখন পর্যন্ত ৬৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৫৫.১৩ গড়ে তার রান তিন হাজার ৯২১। সেঞ্চুরি ১২টি, ফিফটি ১৭টি।
দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ: এমিলিও গে, বেন ডাকেট, জ্যাকব বেথেল, জো রুট (অধিনায়ক), হ্যারি ব্রুক, জেমস রু (উইকেটকিপার), জর্ডান কক্স, জফ্রা আর্চার, জশ টং, ম্যাথু ফিশার, সনি বেকার।