Published : 17 Jun 2026, 12:53 PM
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) হোয়াইট হাউজের লনে হয়ে যাওয়া একটি অনুষ্ঠানে হামলার চক্রান্ত ব্যর্থ করার দাবি করেছে। এ ঘটনায় পাঁচজনকে হেফাজতে নিয়েছে তারা।
মঙ্গলবার এফবিআই বলেছে, হোয়াইট হাউজের দক্ষিণ লনে রোববার হয়ে যাওয়া আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ মিক্সড মার্শাল আর্ট অনুষ্ঠানে আক্রমণ চালানোর একটি পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে তারা।
আদালতে দাখিল করা অভিযোগে এফবিআই বলেছে, বিস্ফোরক বোঝাই ড্রোন ব্যবহার করে হোয়াইট হাউজের উত্তর পাশে আঘাত হানার পরিকল্পনা করা হয়েছিল, এর উদ্দেশ্য ছিল উপস্থিত লোকজনকে বের হওয়ার পথের দিকে চালিয়ে নিয়ে পালাতে থাকা রাজনীতিক ও অন্যদের স্নাইপার দিয়ে গুলি করা।
রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন, তার ৮০তম জন্মদিনে কোনো ঘটনা ছাড়াই এটি শেষ হয়। ট্রাম্পের সঙ্গে জ্যেষ্ঠ রিপাবলিকান আইপ্রণেতারা, দাতারা ও প্রশাসনিক কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তির স্মরণে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল।
আদালতের নথিপত্র অনুযায়ী, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে গ্রেপ্তার সেই পাঁচজন সরকারবিরোধী ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী বলে ধারণা করা হচ্ছে, পাশাপাশি যৌন অপরাধী জেফরি এপস্টাইন সম্পর্কিত তদন্ত ফাইলগুলোর ব্যবস্থাপনা নিয়ে সৃষ্ট ক্ষোভও তাদের এ কাজে আংশিকভাবে উদ্বুধ্দ করেছে বলে মনে করা হচ্ছে।
নথিতে বলা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে একজন ইসরায়েলপন্থি গোষ্ঠীগুলোর কাছ থেকে প্রচারণার জন্য অনুদান গ্রহণকারী আইনপ্রণেতাদের লক্ষ্যস্থল করার আগ্রহ প্রকাশ করেছিল।

এক্স এ পোস্ট করা এক বিবৃতিতে এফবিআইয়ের পরিচালক ক্যাশ প্যাটেল বলেছেন, “১০ জুন, এফবিআই ও আমাদের আইন প্রয়োগকারী অংশীদাররা ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ইউএফসি আমেরিকা ২৫০ অনুষ্ঠানে একটি সম্ভাব্য হুমকির বিষয়ে অবগত হয়, যার সঙ্গে জাতীয় রাজধানীর বাইরের ব্যক্তিরা জড়িত।”
যে পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের মধ্যে অন্তত তিনজনের বিরুদ্ধে খুনের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। পুরো দলটির বিরুদ্ধে আনা অন্য অভিযোগগুলো মধ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও অস্ত্র সংক্রান্ত অপরাধ অন্যতম।
এসব ব্যক্তি এখনো আদালতে নিজের বক্তব্য পেশ করেননি আর তাদের আইনজীবীর তথ্য তাৎক্ষণিকভাবে সংগ্রহ করতে পারেনি রয়টার্স।
ফক্স নিউজ ডিজিটাল জানিয়েছে, এই দলটিতে প্রায় ২৩ জনের মতো লোক রয়েছে।
কর্তৃপক্ষ এই ষড়যন্ত্রের ছকটি উদঘাটন করে যখন ১৯ বছর বয়সী সন্দেহভাজন টাইসেন প্রপারের মা ওহাইওর স্থানীয় পুলিশকে ফোন করে জানান, তার ছেলে অনেকগুলো অস্ত্র কিনেছে আর অনলাইনে এর সঙ্গে সম্পর্কিত লোকজনের সঙ্গে যোগাযোগ করছে।
প্রপার পরে এফবিআই এজেন্টদের কাছে স্বীকার করেন, তিনি ইউএফসি অনুষ্ঠানে সমন্বিত হামলার পরিকল্পনার বিষয়ে জানেন।
জি৭ সম্মেলনে উপলক্ষ্যে ফ্রান্সে থাকা ট্রাম্প জানিয়েছেন, পরিকল্পিত এই হামলার চক্রান্তের বিষয়ে তিনি কিছু জানেন না।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, এই ধরনের সহিংসতা চালাতে পারে এমন গুপ্ত নেটওয়ার্কগুলোর সন্ধান করছে কর্তৃপক্ষ।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “পর্যাপ্ত অর্থায়ন ও নিবিড় সমন্বয় ছাড়া ২৩ জন মানুষ ওয়াশিংটন ডিসিতে একটি গণ সন্ত্রাসী ঘটনা ঘটানোর পর্যায়ে পৌঁছতে পারে না। এটি কয়েকজন মানুষের পাগলামি না, এটি একটি সমন্বিত ও পরিকল্পিত সন্ত্রাসবাদী চক্রান্ত।”