Published : 16 Jun 2026, 11:23 PM
ভারতে তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদের একটি গুরুত্বপূর্ণ রাস্তার নাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার সরকার।
রাস্তাটি চলতি মাসেই উদ্বোধন হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’।
আগামী ২৩ জুন থেকে হায়দরাবাদের ‘ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট’-এ অবস্থিত মার্কিন কনস্যুলেট অভিমুখী এই রাস্তার নতুন নাম হবে ‘ডনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’।
তেলেঙ্গানা সরকারের ভাষ্য, এই পদক্ষেপ ভারত- যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদার করারই বার্তা। হায়দরাবাদ বিশ্বের সেইসব মুষ্টিমেয় নগরীর তালিকায় জায়গা করে নেবে, যেখানে কোনও মার্কিন প্রেসিডেন্টের নামে গুরুত্বপূর্ণ রাস্তার নামকরণ করা হয়েছে।
ট্রাম্পের নামে ভারতে রাস্তার নামকরণের এই সিদ্ধান্তের কথা প্রথম জানা যায় গতবছর ডিসেম্বরে। ওইসময় দিল্লিতে বার্ষিক যুক্তরাষ্ট্র-ভারত সম্মেলনকালে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি প্রথম এই প্রস্তাব দিয়েছিলেন।
এরপর বাস্তবেও পদক্ষেপ নেন তিনি। রাস্তাটি তৈরি সম্পন্ন হয়েছে। যদিও বিশ্বজুড়ে অনিশ্চয়তা, ভারতের পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্কারোপ নিয়ে বিরোধ এবং পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহের মধ্যে রাস্তার কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।
তবে এখন ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের চুক্তির মধ্য দিয়ে পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমে আসায় তেলেঙ্গানা সরকার নতুন করে পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগী হয়েছে এবং রাস্তাটি উদ্বোধনের পথে এগুচ্ছে।
২৩ জুনে রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
তবে তেলেঙ্গানা প্রশাসন কেবল একটি রাস্তা নিয়েই এই পরিকল্পনা করেনি। শহরের নানা গুরুত্বপূর্ণ সড়ক, জংশনের নামও বিশ্বখ্যাত ব্যক্তি, সংস্থা বা টেক কোম্পানির নামে করারও পরিকল্পনা করেছে।
এর মধ্যে রয়েছে- ‘রাভিরিয়ালার গ্রিনফিল্ড রেডিয়াল রিং রোড’- এর নাম বদলে রাখা হবে প্রয়াত শিল্পপতি রতন টাটার নামে।
কেবল তাই নয়, সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে- গুগল স্ট্রিট ও মাইক্রোসফট রোডের মতো নামও। আরেক রাস্তার নামকরণ করা হতে পারে উইপ্রো রোড।
তবে তেলেঙ্গানা সরকার ডনাল্ড ট্রাম্পের নামে রাস্তা করার সিদ্ধান্ত এমন এক সময়ে নিয়েছে, যখন যুক্তরাষ্ট্রেই ট্রাম্পের নাম ঘিরে বিতর্ক রয়েছে।
সম্প্রতি ওয়াশিংটনের একটি ফেডারেল আদালত বিখ্যাত কেনেডি সেন্টারের নাম পরিবর্তনের উদ্যোগে স্থগিতাদেশ দিয়েছে।
সেখানে ট্রাম্পের নাম দেওয়ার চেষ্টা আদালতের নির্দেশে বন্ধ হয়। সরানো হয় সংশ্লিষ্ট ফলক। ফলে এই পরিস্থিতিতে ভারতে ট্রাম্পের নামে রাস্তার নামকরণ নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।
গতবছর ডিসেম্বরে এই সিদ্ধান্তের কথা জানার পরই ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কটাক্ষ করেছিল কংগ্রেসকে। এবারও তেলেঙ্গানার বিজেপি প্রেসিডেন্ট রামচন্দর রাও রাজ্য সরকারের ডনাল্ড ট্রাম্প রাস্তা উদ্বোধনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
এই সিদ্ধান্ত কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক মন্তব্যের সঙ্গে যায় না বলে উল্লেখ করেন তিনি। ভারত ট্রাম্পের কাছে আত্মসমর্পণ করেছে বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন রাহুল।
সেই প্রসঙ্গ টেনে রামচন্দর রাও বলেন, “এখন তেলেঙ্গানা সরকারকে স্পষ্ট করে বলতে হবে যে, রেভান্ত রেড্ডি নাকি রাহুল গান্ধী কে ট্রাম্পের কাছে আত্মসমর্পণ করেছেন।”