Published : 17 Jun 2026, 05:51 PM
ফ্রান্সে জি সেভেন সম্মেলনে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির একটি সংক্ষিপ্ত কিন্তু আন্তরিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
ইউক্রেইন ও ইরান সংকটের মতো বড় বৈশ্বিক আলোচনার আবহে বিশ্বনেতাদের যৌথ ছবি তোলার ঠিক আগের মুহূর্তে দুই নেতার একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও করমর্দনের এই দৃশ্য ভাইরাল হয়।
দুইজন কী কথা বলেছিলেন সেই অডিও খুব স্পষ্ট নয়। বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে, মেলোনি-মোদী জনপ্রিয়তা নিয়ে কথা হয়েছে। মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ব্যাপক জনপ্রিয়তার কথা উল্লেখ করলে মেলোনি হেসে উত্তর দেন, “হ্যাঁ, আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে বিখ্যাত জুটি।”
মাসখানেক আগে ইতালি সফরে মেলোনির সঙ্গে মোদীর ‘রসায়ন’ আলোচনায় ছিল। মোদী ইতালির প্রধানমন্ত্রীকে ভারতের চকোলেট ‘পার্লে মেলোডি’র একটি প্যাকেট উপহার দিয়েছিলেন।
চকোলেট উপহার পেয়ে ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একটি হালকা মেজাজের ভিডিও পোস্ট করেছিলেন ইতালির প্রধানমন্ত্রী। সেই ভিডিওতে দেখা যায়, পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন মোদী এবং মেলোনি।
একটি মেলোডি চকোলেটের প্যাকেট ধরে রেখেছেন দুইজন। দুইজনই হাসছেন। ভিডিওয় মেলোনিকে বলতে শোনা যায়, ‘‘প্রধানমন্ত্রী মোদী উপহার হিসাবে এনেছেন একটি খুব, খুব ভাল টফি— মেলোডি।’’ এর পর দু’জনেই আবার হেসে ওঠেন।
২০২৩ সালে মোদী-মেলোনির দ্বিপক্ষীয় বৈঠকের পর থেকেই ইন্টারনেটে তাদের জুটির সঙ্গে জুড়ে গেছে ‘মেলোডি’ নামটা (মোদী ও মেলোনির নামের সংমিশ্রণ) । এই ‘মেলোডি’ ইন্টারনেট ট্রেন্ড প্রতিবারই বিশ্বমঞ্চে দুই নেতার আন্তরিক ও স্বতঃস্ফূর্ত বিভিন্ন মুহূর্তের কোটি কোটি ভিউ কুড়িয়েছে।
২০২৪ সালে মোদীর সঙ্গে একটি সেলফি পোস্ট করে ‘মেলোডি’ শব্দের উল্লেখ করেছিলেন ইতালির প্রধানমন্ত্রী। ২০২৫ সালের জুনে জিসেভেন সম্মেলনের ফাঁকেও মোদী-মেলোনির ভিডিও ভাইরাল হয়েছিল।
নেটদুনিয়ায় আলোচনা হয় ‘মেলোডি’ নিয়ে। কেবল তা-ই নয়, বিশ্বমঞ্চে দুই রাষ্ট্রনেতার উপস্থিতি, তাদের আলাপচারিতা নিয়েও আলোচনা হয়েছে। ফ্রান্সে ২০২৬ সালের জি-সেভেন সম্মেলনেও সেই আলোচনা আবার ফিরে এসেছে।
তবে মোদী-মেলোনির এই রসায়ন কেবল ছবি বা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মূলত দুই দেশের কার্যকর পররাষ্ট্রনীতির একটি বড় প্রতিফলন।
ইতালি এখন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদার হয়ে উঠেছে এবং দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ইতিমধ্যেই ১৬ দশমিক ৭৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
বিশেষ করে ‘ভারত-পশ্চিম এশিয়া-ইউরোপ অর্থনৈতিক করিডোর’ (আইএমইসি) বাস্তবায়নে দুই দেশ একসঙ্গে কাজ করছে, যেখানে রোমকে ইউরোপের প্রবেশদ্বার হিসেবে দেখা হচ্ছে।
গত মাসেও পাঁচ দেশ সফরের শেষ অংশে প্রধানমন্ত্রী মোদী রোমের ঐতিহাসিক কলোসিয়ামে মেলোনির সঙ্গে এক নৈশভোজে অংশ নিয়ে বিভিন্ন দ্বিপাক্ষিক ও বৈশ্বিক বিষয়ে গভীর আলোচনা করেছিলেন।