ঝালকাঠির রাজাপুরে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর যৌথভাবে ব্যবসা প্রতিষ্ঠানে বিশেষ অভিযান চালিয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে দুটি দোকান থেকে ১৩ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
এসময় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন ও বিভিন্ন অনিয়মের দায়ে দুই ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বর্ণা সুলতানা জেনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আনজুমান নেছা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বর্ণা সুলতানা জেনি বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। অভিযানকালে দুটি দোকানে মজুত রাখা ১৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যবসায়ীকে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


