লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা : আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

মামলাটির তদন্ত দ্রুত সম্পন্ন করতে তিন সদস্যের কমিটি ও একটি বিশেষ মনিটরিং সেল কাজ শুরু করেছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat
নিহত শিশু নন্দিনী, (ডানে) আসামি বিধান চন্দ্র
নিহত শিশু নন্দিনী, (ডানে) আসামি বিধান চন্দ্র |নয়া দিগন্ত

লালমনিরহাটের আদিতমারীতে সাত বছরের শিশু নন্দিনী হত্যার ঘটনায় প্রধান আসামি বিধান চন্দ্র আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একইসাথে মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে তদন্ত কমিটি ও বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে।

বুধবার (১৭ জুন) আদালতে হাজির করা হলে প্রধান আসামি বিধান চন্দ্র হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাকে এবং তার বাবা রনজিত চন্দ্রকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জেলা পুলিশ সুপার (এসপি) মো: আসাদুজ্জামান জানান, মামলাটির তদন্ত দ্রুত সম্পন্ন করতে তিন সদস্যের কমিটি ও একটি বিশেষ মনিটরিং সেল কাজ শুরু করেছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একইসাথে এ ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেল থেকে নিখোঁজ ছিল প্রথম শ্রেণির শিক্ষার্থী নন্দিনী। পরিবারের সদস্যরা সারারাত খোঁজাখুঁজি ও মাইকিং করেও তার সন্ধান পাননি। পরদিন সকালে বাড়ির পাশের ভুট্টাক্ষেত থেকে মাটিচাপা দেয়া অবস্থায় বস্তাবন্দি লাশ উদ্ধার হয়।

লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা, প্রশাসনের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন।

নিহত নন্দিনীর পরিবার ও এলাকাবাসী হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুন) শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করতে এবং তাদের খোঁজখবর নিতে আদিতমারী সফরে আসছেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা আসাদুল হাবিব দুলু।

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত তদন্ত ও বিচার সম্পন্ন হলে নন্দিনীর পরিবার ন্যায়বিচার পাবে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে একটি শক্ত বার্তা যাবে।