নোয়াখালী অফিস
নোয়াখালীর হাতিয়ায় এক মাদরাসাছাত্রীকে (১৭) আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলার প্রধান আসামি মো. নাহিদ ওরফে আজিজুল ইসলাম নাহিদকে (২১) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৭ জুন) দুপুরে র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত সোমবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকা থেকে র্যাব-১১ ও র্যাব-৭-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাহিদ নোয়াখালীর হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তর গুল্যাখালী এলাকার নাজিম উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, স্থানীয় একটি মাদরাসার ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে যাতায়াতের পথে ইভটিজিং ও কুপ্রস্তাব দিয়ে আসছিল নাহিদ। একপর্যায়ে সে ভুক্তভোগীর ছবি সংগ্রহ করে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। মেয়েটি ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্ত নাহিদ উল্টো তাকে গালিগালাজ করে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় অপমান ও মানসিক চাপে গত ১৩ জুন নিজ বাড়ির টয়লেটে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী। পরে তার পরিবারের পক্ষ থেকে হাতিয়া থানায় দণ্ডবিধির ৩০৬ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় নাহিদকে প্রধান আসামি করা হয়।
মামলার পর থেকেই নাহিদ আত্মগোপনে চলে যায়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-৩ (নোয়াখালী) এবং র্যাব-৭, সিপিসি-২ (হাটহাজারী)-এর যৌথ দল গত সোমবার (১৫ জুন) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট বাজারের বালুশাহ মাজার গেটসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।


