রাজবাড়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল। হঠাৎ পরিদর্শনে এসে চিকিৎসক সঙ্কট ও অনুপস্থিত চিকিৎসকদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তিনি।
বুধবার (১৭ জুন) দুপুরে আকস্মিক এ পরিদর্শনে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
পরে সাংবাদিকদের তিনি জানান, সম্প্রতি পদায়ন পাওয়া ১৪ চিকিৎসকের মধ্যে ছয়জন এখনো যোগদান করেননি। এছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এক নারী চিকিৎসককে সাত দিনের মধ্যে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া মন্ত্রী হাসপাতালে রোগীদের খাবারের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে। যাতে রোগীরা স্বল্প খরচে নিজ এলাকাতেই চিকিৎসা নিতে পারেন।
তিনি আরো বলেন, রাজবাড়ী সদর হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মর্গে ফ্রিজার সংযোজন এবং ডায়ালাইসিস ইউনিট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
পরিদর্শনকালে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


