জামালপুরের বকশীগঞ্জে খেলতে গিয়ে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর পুকুর থেকে মো: রবিউল ইসলাম (৬) নামের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের ঝালরচর পশ্চিমপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
রবিউল ইসলাম ওই গ্রামের মো: আবু সালেকের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশু রবিউল বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে বাড়ির পার্শ্ববর্তী প্রায় ১০০ গজ দূরে রফিক প্রফেসরের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান তার মা।
মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


