কুমিল্লার তিতাস উপজেলায় টিউবওয়েল ব্যবহার নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার কেশবপুর গ্রামের পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম ইসমাইল মানিক (৪৫)। তিনি ওই গ্রামের হাবিবুর রহমানের বড় ছেলে। অভিযুক্তের নাম রাজীব ইসলাম সাগর।
স্থানীয় সূত্রে জানা যায়, মানিক ছোট ভাই সাগরের কোদালের আঘাতে নিহত হয়েছেন। হামলায় গুরুতর আহত মানিক ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করে।
তবে ঘটনার পর অভিযুক্ত রাজীব এলাকা থেকে পালিয়ে যান। এ ঘটনায় কেশবপুরসহ আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
নিহতের মেয়ে রাইসা আক্তার জানান, বাড়ির টিউবওয়েল ব্যবহারের বিষয় নিয়ে তার বাবার সাথে চাচার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় তার চাচা হাতে থাকা কোদাল দিয়ে তার বাবার গলায় আঘাত করেন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। পুলিশ লাশ উদ্ধার করেছে। এখনো কোনো মামলা হয়নি। আমরা আসামিকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।


