কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে একজন নিহত

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল |ফাইল ছবি

ঢাকা কেরানীগঞ্জে আবদুল্লাপুর ফ্লাইওভারের উপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো: তরিকুল ইসলাম পাপন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা মোহাম্মদ ইমন আহমেদ জানান, তরিকুল ইসলামকে কেরানীগঞ্জের আব্দুল্লাপুর ফ্লাইওভার উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত তরিকুল ইসলাম শ্যামপুর করিম মোল্লা বাগের ২২৩/১ নম্বর বাসার মো: শফিকুল ইসলাম মাসুদের ছেলে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।