রাজধানীর মিরপুরের কাজীপাড়ার একটি বাসা থেকে রাবেয়া (২০) নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে এটি হত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী আশিকুর জামান মুন্না পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত থেকে মুন্নার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এর আগে তিনি ঘর থেকে বের হওয়ার সময় বাড়ির মালিককে জানিয়েছিলেন যে তিনি রাতের খাবার আনতে যাচ্ছেন। এরপর আর তিনি ফিরে আসেননি।
নিহতের মা সংবাদমাধ্যমকে জানান, বিগত পাঁচ দিন ধরে তিনি মেয়ের মোবাইল ফোন বন্ধ পাচ্ছিলেন। কোনো যোগাযোগ করতে না পেরে মঙ্গলবার তিনি মিরপুরের ওই বাসায় আসেন। ভেতর থেকে দরজা বন্ধ দেখে সন্দেহ হলে তিনি পুলিশে খবর দেন। পরবর্তী সময়ে কাফরুল থানা পুলিশ এসে ভেতর থেকে রাবেয়ার অর্ধগলিত লাশ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা যায়, মাত্র ছয় মাস আগে কিশোরগঞ্জের মেয়ে রাবেয়া ভালোবেসে মিরপুরের বাসিন্দা মুন্নাকে বিয়ে করেছিলেন। বিয়ের অল্প কিছু দিনের মধ্যেই এই নির্মম ঘটনা ঘটল।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, প্রাথমিক আলামতে এটি হত্যা বলে মনে হচ্ছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী মুন্না পলাতক থাকায় তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। ইতিমধ্যেই সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


