বিএমইউ’র বাজেটে অগ্রাধিকার পাচ্ছে স্বাস্থ্যসেবা, গবেষণা ও প্রশিক্ষণ

অনুষ্ঠানে বিএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার সংশোধিত ও প্রস্তাবিত বাজেটের বিস্তারিত তুলে ধরেন। চলতি মাসে অনুষ্ঠেয় সিন্ডিকেট সভায় সংশোধিত ও প্রস্তাবিত বাজেট অনুমোদন ও ঘোষণা করা হবে।

নয়া দিগন্ত অনলাইন

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে অগ্রাধিকার পাচ্ছে স্বাস্থ্যসেবা, মেডিক্যাল শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও প্রশিক্ষণ।

বুধবার (১৭ জুন) শহীদ ডা: মিল্টন হলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ১১৯তম সভায় এ তথ্য জানান বক্তারা।

বিএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, সুস্বাস্থ্যের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রস্তুত হচ্ছে বিএমইউর ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। যেখানে অগ্রাধিকার পাবে স্বাস্থ্যসেবা, মেডিক্যাল শিক্ষার মানন্নোয়ন, গবেষণা ও প্রশিক্ষণ।

বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বাজেটের মিশন ও ভিশন হিসেবে বলা হয়েছে, ‘সেবায় শ্রেষ্ঠতা, শিক্ষা ও গবেষণায় বিশ্বমান হোক দৃশ্যমান। স্বাস্থ্যসেবায় প্রাধিকার হোক সবার অধিকার। ব্যয় হ্রাস অনুক্ষণ, স্বাস্থ্যসেবা উন্নয়ন।’

৫৯টি নিজস্ব বিভাগ ও ৫৫টি অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট পরিচালনাকারী প্রতিষ্ঠান বিএমইউকে পূর্ণাঙ্গ গবেষণাধর্মী ও র‌্যাংঙ্কিং এ আন্তর্জাতিকমানে উন্নতির বিষয়ে প্রস্তাবিত বাজেটে আলোকপাত করা হয়।

সভায় ২০২৫-২০২৬ এর সংশোধিত বাজেট, ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট, উন্নয়ন বাজেট এবং বিশ্ববিদ্যালয় ও হাসপাতালের জন্য অত্যন্ত প্রয়োজনীয় নতুন নতুন বিষয় চালু ও কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে বিএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার সংশোধিত ও প্রস্তাবিত বাজেটের বিস্তারিত তুলে ধরেন। চলতি মাসে অনুষ্ঠেয় সিন্ডিকেট সভায় সংশোধিত ও প্রস্তাবিত বাজেট অনুমোদন ও ঘোষণা করা হবে।

বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) ও অর্থ কমিটির সদস্য সচিব খন্দকার শফিকুল হাসানের সঞ্চালনায় সভায় বিএমইউর ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী বাজেট নিয়ে মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় বিএমইউর প্রো-ভিসি (একাডেমিক) ও অর্থ কমিটির সদস্য অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, প্রো-ভিসি (প্রশাসন) ও অর্থ কমিটি সদস্য অধ্যাপক ডা: আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) ও অর্থ কমিটি সদস্য অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, বিএমইউর রেজিস্ট্রার ও অর্থ কমিটির সদস্য অধ্যাপক ডা: মোস্তফা কামাল, মেডিসিন অনুষদের ডিন ও অর্থ কমিটির সদস্য অধ্যাপক ডা: শামীম আহমেদ, নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ও অর্থ কমিটির সদস্য অধ্যাপক ডা: মো: মওদুদুল হক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থ ও হিসাব ডিভিশনের পরিচালক (অবসরপ্রাপ্ত) মো: রেজাউল করিম হাওলাদার মূল্যবান মতামত প্রদান করেন।

ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী বলেন, এবারের বাজেটে এমন কিছু বিষয় যুক্ত করতে হবে যা মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ড (ইএমআর) অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা চালু করা অতি জরুরি। অফিসগুলোকে পেপারলেস করতে হবে।

বিএমইউ ভিসি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে এমন একটি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে যাতে দুর্নীতির কোনো সুযোগ না থাকে বা দুর্নীতি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। সূত্র : বাসস