শাবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

‘পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার দায়িত্ব আমাদের সবার। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে যে পরিবেশগত সঙ্কট তৈরি হচ্ছে, তা মোকাবেলায় বৃক্ষরোপণ সবচেয়ে কার্যকর ও টেকসই উদ্যোগগুলোর একটি।’

হোসাইন ইকবাল, শাবিপ্রবি
শাবিপ্রবি শিবিরের বৃক্ষরোপণ ও বিতরণ
শাবিপ্রবি শিবিরের বৃক্ষরোপণ ও বিতরণ |নয়া দিগন্ত

কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করে সংগঠনটি।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন, সেক্রেটারি মুজাহিদুল ইসলামসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ।

এ বিষয়ে শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন বলেন, ‘পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়ার দায়িত্ব আমাদের সবার। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে যে পরিবেশগত সঙ্কট তৈরি হচ্ছে, তা মোকাবেলায় বৃক্ষরোপণ সবচেয়ে কার্যকর ও টেকসই উদ্যোগগুলোর একটি।’

তিনি আরো বলেন, ‘একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না; বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যায় এগিয়ে আসতে হবে। সবুজ বাংলাদেশ গড়ার এই প্রচেষ্টায় তরুণদের আরো সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন।’