ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার কার্যক্রম

কে এফ এম শারহাদ শাকিল বলেন, ‘প্রবাসী বাংলাদেশীদের কাছে সরকারি সেবা আরো সহজ ও সহজলভ্য করে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। যারা দূরবর্তী অঞ্চলে বসবাস করেন, তাদের কথা বিবেচনায় রেখেই আমরা নিয়মিতভাবে মোবাইল কনস্যুলার সেবার আয়োজন করছি। তুলুজে প্রবাসীদের ব্যাপক সাড়া আমাদের উৎসাহিত করেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।’

মোহাম্মদ মাহবুব হোসাইন, প্যারিস (ফ্রান্স)
তুলুজে প্রবাসীদের জন্য দূতাবাসের সেবা
তুলুজে প্রবাসীদের জন্য দূতাবাসের সেবা |নয়া দিগন্ত

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর তুলুজে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের জন্য দুই দিনব্যাপী কনস্যুলার সেবা কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ দূতাবাস, প্যারিস। স্থানীয় সংগঠন তুলুজ বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সহযোগিতায় গত শনিবার ও রোববার অনুষ্ঠিত এ কার্যক্রমে বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন।

বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিলের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তারা তুলুজ ও আশপাশের অঞ্চলে বসবাসরত প্রবাসীদের দীর্ঘদিনের চাহিদা পূরণে এই বিশেষ ক্যাম্প পরিচালনা করেন।

দুই দিনব্যাপী সেবা কার্যক্রমে চার শতাধিক প্রবাসী ই-পাসপোর্ট সেবা গ্রহণ করেন। এছাড়া শতাধিক ব্যক্তি নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর), জন্ম নিবন্ধন, পাওয়ার অব অ্যাটর্নি, ডকুমেন্ট অ্যাটেস্টেশন এবং ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড (ডাব্লিউইডাব্লিউবি) কার্ড-সংক্রান্ত সেবা নেন। সেবা নিতে আসা প্রবাসীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে অভিহিত করেন।

তুলুজের বাসিন্দা আবু শহীদ শরিফ বলেন, ‘পাসপোর্টের কাজের জন্য আগে প্যারিস যেতে হতো। এতে সময় ও অর্থ দু’টোই বেশি ব্যয় হতো। এবার তুলুজেই সেবা পাওয়ায় আমরা অনেক উপকৃত হয়েছি।’

আরেক সেবাগ্রহীতা আমিনা হোসেন বলেন, ‘দূতাবাসের কর্মকর্তারা অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছেন। বিশেষ করে নারী ও শিশুদের প্রতি তাদের সহযোগিতামূলক মনোভাব আমাদের মুগ্ধ করেছে।’

অনুষ্ঠান সম্পর্কে কে এফ এম শারহাদ শাকিল বলেন, ‘প্রবাসী বাংলাদেশীদের কাছে সরকারি সেবা আরো সহজ ও সহজলভ্য করে পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। যারা দূরবর্তী অঞ্চলে বসবাস করেন, তাদের কথা বিবেচনায় রেখেই আমরা নিয়মিতভাবে মোবাইল কনস্যুলার সেবার আয়োজন করছি। তুলুজে প্রবাসীদের ব্যাপক সাড়া আমাদের উৎসাহিত করেছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।’

তিনি আরো বলেন, ‘প্রবাসীরা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের প্রয়োজনীয় সেবা দ্রুত ও মানসম্মতভাবে নিশ্চিত করতে বাংলাদেশ দূতাবাস সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’

তুলুজ বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের নেতারা দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের উদ্যোগ প্রবাসীদের ভোগান্তি কমানোর পাশাপাশি দূতাবাস ও প্রবাসী কমিউনিটির মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করবে।

সুশৃঙ্খল পরিবেশে দুই দিনব্যাপী এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক ও অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা ভবিষ্যতে ফ্রান্সের অন্যান্য শহরেও এ ধরনের সেবা সম্প্রসারণের দাবি জানিয়েছেন।