মালয়েশিয়ার কুলাই এলাকার উত্তর-দক্ষিণ মহাসড়কে তিন লরির ত্রিমুখী সংঘর্ষে এক মালয়েশিয়ান চালক ও এক বাংলাদেশী হেলপার নিহত হয়েছেন।
বুধবার (১৭ জুন) ভোরে মহাসড়কের দক্ষিণমুখী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাংলাদেশীর বয়স ৫৬ বছর এবং মালয়েশিয়ান লরিচালকের বয়স ৪৩ বছর বলে নিশ্চিত করেছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো।
কুলাই জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার তান সেং লি জানান, ঘটনার সময় নিহত ওই দুই ব্যক্তি রাস্তার বাম পাশের লেনে লরি থামিয়ে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। এমন সময় একইদিক থেকে আসা অন্য একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাদের সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে, গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় উদ্ধারকাজে অংশ নেয়া পুলিশ জানায়, ধাক্কা দেয়া লরিটির চালক ও তার সহকারীও আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুলাই হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলে থাকা তৃতীয় লরির চালক অক্ষত আছেন।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুলইয়ের টেমেনগং সেরি মহারাজা তুন ইব্রাহিম হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।


