চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর গুলশান থানা এলাকায় মাদরাসার শিক্ষার্থী নাজিম উদ্দিনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারসহ তিনজনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
অপর দু’জন হলেন- আওয়ামী লীগের সক্রিয় নেতা ও অর্থ জোগানদাতা সেলিম প্রধান এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান ও উল্লাপাড়া থানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেক্রেটারি আবু সাঈদ।
বুধবার (১৭ জুন) তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: সেফাতুল্লাহর তাদের এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার দক্ষিণে বাঁশতলা এলাকায় বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় আসামিরা ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচার গুলিবর্ষণ করেন। এতে মাথায় গুলিবিদ্ধ হন মাদরাসার ছাত্র নাজিম উদ্দিন। পরে সিটিস্ক্যান করলে তার মাথায় ১৮০টি ছররা গুলি দেখতে পান কর্তব্যরত চিকিৎসক। এর মধ্যে ১২৭টি গুলি বের করা হয়।
ওই ঘটনায় ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি ভিকটিম নাজিম উদ্দিনের খালা গুলশান থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।


