দেশের প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি রোগীর জন্য ডায়ালাইসিসের ব্যাবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ‘জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি রোগীর ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে। যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ডায়ালাইসিস সেবা পেতে পারেন।’
বুধবার (১৭ জুন) বিকেলে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যে বাজেট ব্যবস্থা দিয়েছেন, আমরা আশা করি প্রত্যেক জেলা-উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস ব্যবস্থা করতে সক্ষম হবো, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ কম টাকায় ডায়ালাইসিস করাতে পারেন। ইতোমধ্যেই ১০টি হাসপাতালে আমরা এজন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছি।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, রাজবাড়ী জেলা সিভিল সার্জন ডা: এস এম মাসুদ, রাজবাড়ী জেলা সদর হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা: মো: আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। বাসস


