বেনজিরের মতো গুম-খুনে জড়িত সব পুলিশ সদস্যের বিচার চান সরকারদলীয় এমপি

সংসদ সদস্য রফিকুল আলম বলেন, যারা গুম-খুন করেছিল তারা আজ কোথায়? শুধু বেনজির আহমেদকে গ্রেফতার করলেই আমাদের দুঃখ-কষ্ট শেষ হবে না। আরো যারা গুম-খুনে জড়িত ছিল তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে।

সংসদ প্রতিবেদক

শুধু পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদই নয় আওয়ামী লীগ আমলে পুলিশের যেসব সদস্য বিরোধী দল বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন করেছেন তাদের সবাইকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ফেনি-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু।

বুধবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। এ সংসদে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদ সদস্য রফিকুল আলম বলেন, যারা গুম-খুন করেছিল তারা আজ কোথায়? শুধু বেনজির আহমেদকে গ্রেফতার করলেই আমাদের দুঃখ-কষ্ট শেষ হবে না। আরো যারা গুম-খুনে জড়িত ছিল তাদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে আমরা বর্তমানের সরকারি দল-বিরোধী দলের নেতাকর্মীরা গ্রেফতার-নির্যাতনের শিকার হয়েছি। আমরা একসাথে জেলখানায়ও ছিলাম। আওয়ামী লীগের যেসব কর্মী পুলিশে ছিল বিশেষ করে ২০১৮ সালে যারা দায়িত্বে ছিল, তারা হাজার হাজার নেতাকর্মী গুম-খুনের সাথে জড়িত। তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।