সংসদের লাইব্রেরি কমিটির চতুর্থ বৈঠক

সংসদ গ্রন্থাগারকে ই-পার্লামেন্টের আওতায় আনার সুপারিশ

জাতীয় সংসদের গ্রন্থাগারকে আরো আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গবেষণাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে ই-পার্লামেন্টের আওতায় অন্তর্ভুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটি।

সংসদ প্রতিবেদক

Location :

Dhaka City
সংসদের লাইব্রেরি কমিটির চতুর্থ বৈঠক
সংসদের লাইব্রেরি কমিটির চতুর্থ বৈঠক |নয়া দিগন্ত

জাতীয় সংসদের গ্রন্থাগারকে আরো আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গবেষণাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে ই-পার্লামেন্টের আওতায় অন্তর্ভুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটি। একই সাথে গবেষকদের জন্য অনলাইন ও সশরীরে আবেদন করে গ্রন্থাগার ব্যবহারের সুযোগ চালু এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তির ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির চতুর্থ বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ গৃহীত হয়।

কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান, এ বি এম মোশাররফ হোসেন, হুমাম কাদের চৌধুরী এবং আখতার হোসেন অংশ নেন।

সভাপতি উপস্থিত সদস্যদের স্বাগত জানিয়ে কার্যক্রম শুরু করেন। এরপর আগের বৈঠকের গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সাথে সাব-কমিটি-১ এর প্রতিবেদন উপস্থাপন ও এ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের আওতাধীন Strengthening Institutions, Policies and Services (SIPS) প্রকল্পের অধীনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় সংসদ গ্রন্থাগারকে ই-পার্লামেন্টের আওতায় এনে যুগোপযোগী করার বিষয়ে আলোচনা হয়।

এ লক্ষ্যে লাইব্রেরি কমিটির সদস্য সাঈদ আল নোমান, মীর আহমাদ বিন কাসেম ও হুমাম কাদের চৌধুরীকে নিয়ে ইউএনডিপির প্রতিনিধিদের সাথে সভা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় কমিটি।

এ ছাড়া বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় গ্রন্থাগার বিধির আলোকে আগ্রহী গবেষকদের জন্য সশরীরে অথবা অনলাইনভিত্তিক আবেদনপত্র জমা দেয়ার ব্যবস্থা চালু, পাঁচ কর্মদিবসের মধ্যে আবেদন নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট আবেদনকারীকে তা অবহিত করার সুপারিশ করা হয়। পাশাপাশি সংসদের অধিবেশন চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত গবেষকদের গ্রন্থাগার ব্যবহারের সুযোগ দেয়ার প্রস্তাবও করা হয়েছে।

গবেষণা কার্যক্রম আরো সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কমিটির সদস্য সাঈদ আল নোমানকে সভাপতি করে একটি গবেষণা কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের গ্রন্থাগারে দুইজন আইটি কর্মকর্তা ও দুইজন পরিচ্ছন্নতাকর্মী পদায়ন এবং জাতীয় সংসদ গ্রন্থাগারের প্রবেশপথে একটি ডিজিটাল নামফলক সংযোজনের ব্যবস্থা গ্রহণের জন্যও কমিটি সুপারিশ করেছে।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।