কেরানীগঞ্জে ১২৭৮ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

অন্যদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ৫০৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। বাঘের ঋষিপাড়া বটতলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিওবার্তার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার মোট ১ হাজার ২৭৮ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের পৃথক অনুষ্ঠানের দুই প্রধান অতিথি
কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার মোট ১ হাজার ২৭৮ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণের পৃথক অনুষ্ঠানের দুই প্রধান অতিথি |ছবি : নয়া দিগন্ত

ঢাকার কেরানীগঞ্জে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার মোট ১ হাজার ২৭৮ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৭৬৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আলহাজ আমান উল্লাহ আমান।

এ সময় তিনি বলেন, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে অঙ্গীকার করেছিলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি তারই অংশ।

উপজেলা সমাজসেবা অধিদফতরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। রোহিতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তিনটি গ্রামের ৭৬৯টি পরিবারের হাতে কার্ড তুলে দেয়া হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উমর ফারুকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুস সাত্তার বেগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অন্যদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ৫০৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। বাঘের ঋষিপাড়া বটতলা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিওবার্তার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় উপকারভোগীদের হাতে কার্ড তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফ্যামিলি কার্ড শুধু একটি কাগজ নয়, এটি পরিবারের মায়ের হাতে ক্ষমতা তুলে দেয়ার প্রতীক। যখন মা ক্ষমতায়িত হন, তখন পুরো পরিবার এগিয়ে যায়। কার্ড বিতরণে কোনো দল-মত বিবেচনা করা হবে না, বিবেচনা করা হবে পরিবারকে।

সরকারের ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এই নীতির আলোকে এবং নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।