হাটহাজারীতে ফ্যামিলি কার্ড বিতরণ

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ভূমি প্রতিমন্ত্রীর

‘যার (তারেক রহমান) গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ নতুন এক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। ফ্যামিলি কার্ড কার্যক্রম তৃণমূলের সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণে তারই জনকল্যাণমুখী ভাবনার এক অনন্য বহিঃপ্রকাশ।’

নয়া দিগন্ত অনলাইন
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন |ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

তিনি বলেন, যার (তারেক রহমান) গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ নতুন এক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। ফ্যামিলি কার্ড কার্যক্রম তৃণমূলের সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণে তারই জনকল্যাণমুখী ভাবনার এক অনন্য বহিঃপ্রকাশ।

বুধবার (১৭ জুন) ফ্যামিলি কার্ড কার্যক্রমের পাইলটিং-এর তৃতীয় পর্যায়ে মৌলভীবাজার জেলা সদর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি দেশের ১৯টি উপজেলার সাথে চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে একযোগে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ১২৪ জন পরিবারের সদস্যদের হাতে এ কার্ড তুলে দেন চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

চট্টগ্রামের হাটহাজারীর গুমানমর্দ্দন প্রান্তের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন হাটহাজারী ও চট্টগ্রামবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে।

তিনি বলেন, আজকের এই ঐতিহাসিক ও শুভক্ষণে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। যার আদর্শ ও জনমুখী দর্শন আমাদের আজীবন অনুপ্রেরণা জোগায়। কৃতজ্ঞতা জানাই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যার বলিষ্ঠ নেতৃত্ব ও ত্যাগ এ দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইকে বেগবান করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মোহাম্মদ আল-আমিন ও ড. মো: শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাসস