দেশের কারাগারে ধারণ ক্ষমতার ১.৭ গুণ বন্দী রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশের ৭৫টি কারাগারে ৪৫ হাজার ১৩৬ জনের ধারণক্ষমতার বিপরীতে বর্তমানে ৭৭ হাজার ৪০ জন বন্দী রয়েছে, যা ধারণক্ষমতার প্রায় ১.৭ গুণ। অতিরিক্ত বন্দীর চাপ কমাতে নতুন কারাগার চালু ও পুনর্নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ |সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ বন্দি আটক রয়েছে।

বুধবার জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো: আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭ জুন পর্যন্ত প্রাপ্তি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে সর্বমোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ (পুরুষ ৪৩ হাজার ১০৭ + নারী ২ হাজার ২৯) জনের বিপরীতে বর্তমানে ৭৭ হাজার ৪০ জন (পুরুষ ৭৪ হাজার ৩৬ + নারী ২ হাজার ৭৭) জন বন্দী আটক আছে, যা ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ।

তিনি বলেন, ধারণ ক্ষমতার অতিরিক্ত বন্দী আটক থাকায় কিছু কিছু কারাগারে বন্দীদের আবাসন সমস্যা বিরাজ করছে। বন্দী আবাসন সমস্যা সমাধানের জন্য ইতোমধ্যে বিশেষ কেন্দ্রীয় কারাগার, কেরাণীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে এবং কিশোরগঞ্জ জেলা কারাগার-২, মাদারীপুর জেলা কারাগার-২, পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ময়মনসিংহ, কুমিল্লা, জামালপুর কারাগার পুনঃনির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণকাজ চলমান রয়েছে। উল্লিখিত চারটি কারাগারের নির্মাণ/পুনঃনির্মাণ সম্পন্ন হলে বন্দী ধারণক্ষমতা আরো ২ হাজার ৯৫৫ জন বৃদ্ধি পেয়ে সর্বমোট ৪৮ হাজার ১৩১ জনে উন্নীত হবে।

এছাড়াও রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙ্গামাটি, খাগড়াছড়ি কারাগার পুনঃনির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে; যা বাস্তবায়িত হলে ধারণক্ষমতা আরো বৃদ্ধি পাবে।

সূত্র : বাসস