দেশে ফিরলেন ৫৭ হাজার ৬৯৯ হাজী

‘ফিরতি যাত্রী পরিবহনে এ পর্যন্ত মোট ১৪২টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৭০টি, সৌদিয়া এয়ারলাইনস ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।’

নয়া দিগন্ত অনলাইন
সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৬৯৯ জন বাংলাদেশী হাজী
সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৬৯৯ জন বাংলাদেশী হাজী |সংগৃহীত

পবিত্র হজ পালন শেষে গতকাল মঙ্গলবার পর্যন্ত সৌদি আরব থেকে ৫৭ হাজার ৬৯৯ জন বাংলাদেশী হাজী দেশে ফিরেছেন।

হজ অফিস সূত্রে জানা গেছে, ফিরতি যাত্রী পরিবহনে এ পর্যন্ত মোট ১৪২টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৭০টি, সৌদিয়া এয়ারলাইনস ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

ফিরে আসা হাজীদের মধ্যে চার হাজার ৩১৯ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৫৩ হাজার ৩৮০ জন বেসরকারি হজ অ্যাজেন্সির মাধ্যমে হজ পালন করেছেন। অবশিষ্ট হাজীরা নির্ধারিত বিমান সংস্থাগুলোর ফ্লাইটে পর্যায়ক্রমে দেশে ফিরবেন।

এদিকে, চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৫২ জন বাংলাদেশী হাজীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী। মৃতদের মধ্যে ৩৭ জন মক্কায়, ১৪ জন মদিনায় এবং একজন জেদ্দায় মারা গেছেন। তবে, মিনায় বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

হজ বুলেটিন অনুযায়ী, অসুস্থতাজনিত কারণে সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন হাজী চিকিৎসাসেবা নিয়েছেন। এর মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

এছাড়া, সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো মক্কা ও মদিনায় ৬৫ হাজার ৪১০ জন হাজীকে চিকিৎসাসেবা দিয়েছে। একই সময়ে আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১১৩ জন হাজীকে বিভিন্ন ধরনের সেবা দেয়া হয়েছে।

গত ১৮ এপ্রিল প্রথম হজ ফ্লাইটের মাধ্যমে চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয় এবং বহির্গমন কার্যক্রম শেষ হয়েছে গত ২১ মে। অন্যদিকে, ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে। বাসস

Topics