মোহাম্মদ সেলিম উদ্দিন

মাজারে হামলার দায় জামায়াতের ওপর চাপানোর অপচেষ্টা চলছে

সেলিম উদ্দিন বলেন, দেশে যা-ই ঘটুক তার জন্য জামায়াতকে দায়ি করা মহল বিশেষের মুদ্রাদোষে পরিণত হয়েছে। জামায়াতকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ বিশেষ গোষ্ঠী মিথ্যাচার ও ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে। তারা মাজারসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানে নিজেরাই পরিকল্পিতভাবে হামলা করে দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়।

নয়া দিগন্ত অনলাইন
আহত খতিবের পাশে মহানগরী আমীর সেলিম
আহত খতিবের পাশে মহানগরী আমীর সেলিম |সংগৃহীত

একটি গোষ্ঠী ও মহল বিশেষ পরিকল্পিতভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মাজারে হামলা চালিয়ে এর দায় জামায়াতের ওপর চাপানোর অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ডিএনসিসিতে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

আজ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে সন্ত্রাসী হামলায় আহত মিরপুর মাজার মসজিদের খতিব আব্দুল মোমেনকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি চিকিৎসাধীন খতিবের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তার পরিবারের সদস্যদের সাথে একান্তে কথা বলেন। মহানগরী আমির কর্তব্যরত চিকিৎসকদের সাথেও কথা বলেন এবং তার সুচিকিৎসার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধ করেন। তিনি চিকিৎসাধীন খতিবের চিকিৎসার সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময়ে মহানগরী আমির সাথে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর মজলিসে শূরা সদস্য ডা. মাঈনুদ্দীন ও জি এম হাফিজুর রহমান প্রমুখ।

সেলিম উদ্দিন বলেন, দেশে যা-ই ঘটুক তার জন্য জামায়াতকে দায়ি করা মহল বিশেষের মুদ্রাদোষে পরিণত হয়েছে। জামায়াতকে রাজনৈতিক ও আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ বিশেষ গোষ্ঠী মিথ্যাচার ও ষড়যন্ত্রের আশ্রয় নিয়েছে। তারা মাজারসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানে নিজেরাই পরিকল্পিতভাবে হামলা করে দায় চাপিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। কিন্তু আত্মসচেতন জনতা তাদের এ মিথ্যাচারে কখনোই বিভ্রান্ত হবে না। তিনি সংশ্লিষ্টদের ষড়যন্ত্র ও মিথ্যাচার পরিহার করে ইতিবাচক বৃত্তে ফিরে আসার আহবান জানান। অন্যথায় জনগণ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।

তিনি বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে মাজারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটানো হচ্ছে। তাই এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারকে শূন্য সহনশীলতা দেখাতে হবে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি জামায়াতের লক্ষ্য ও উদ্দেশ্য প্রসঙ্গে বলেন, জামায়াত একটি কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক দল। আমরা দেশের শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি এবং দেশকে ইসলামী কল্যাণরাষ্ট্রে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমাদের এ কর্মপ্রচেষ্টা লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত অব্যাহত থাকবে-ইনশাআল্লাহ। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় স্ব স্ব অবস্থান থেকে সকলকে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান। পরে উপস্থিত নেতৃবৃন্দ আহত খতিবের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন।

এরপর সেলিম উদ্দিন মিরপুর-১৩ এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল হান্নানের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন।

এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তাদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। মহানগরী আমীর অবিলম্বে সকল গণহত্যার সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করার জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি