ইসলামী ব্যাংকের বিশেষ গ্রাহক সহায়তা ঘোষণা

‘যেসব গ্রাহকের এমটিডিআরএ, এমএসবি, এমএমপিডিএস এবং এমএসএসএ হিসাব ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত সময়ের মধ্যে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা হয়েছে এবং এর ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য বিশেষ সুবিধা দেয়া হবে।’

বিশেষ সংবাদদাতা
ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংক |সংগৃহীত

দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য একটি বিশেষ সহায়তা কর্মসূচি ঘোষণা করেছে।

সোমবার (১৫ জুন) ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব গ্রাহকের এমটিডিআরএ, এমএসবি, এমএমপিডিএস এবং এমএসএসএ হিসাব ১ জুন থেকে ১৫ জুন পর্যন্ত সময়ের মধ্যে প্রি-ম্যাচিউরড অবস্থায় বন্ধ বা নগদায়ন করা হয়েছে এবং এর ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য বিশেষ সুবিধা দেয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্ষতিগ্রস্ত গ্রাহকরা আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের সংশ্লিষ্ট হিসাব পুনরায় চালু করলে ব্যাংক কর্তৃপক্ষ চলমান পরিস্থিতি বিবেচনায় সব ধরনের খরচ ও চার্জ মওকুফ করবে। একইসাথে পুনরায় চালুকৃত হিসাবগুলোকে চলমান হিসাব হিসেবে গণ্য করা হবে, ফলে গ্রাহকরা তাদের পূর্ববর্তী সুবিধা অব্যাহতভাবে ভোগ করতে পারবেন। ব্যাংকটির এ উদ্যোগকে গ্রাহকবান্ধব পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সাম্প্রতিক সময়ে ব্যাংকিং খাতে বিভিন্ন গুজব ও অনিশ্চয়তার কারণে অনেক গ্রাহক মেয়াদি আমানত ও বিভিন্ন সঞ্চয় প্রকল্পের হিসাব আগাম ভেঙে ফেলেন, যার ফলে তারা মুনাফি হারানোসহ বিভিন্ন আর্থিক ক্ষতির সম্মুখীন হন। সেই ক্ষতি কাটিয়ে উঠতে এবং গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যেই ইসলামী ব্যাংক এ বিশেষ সুবিধা চালু করেছে।

ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের অযথা উদ্বিগ্ন না হয়ে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শাখার সাথে যোগাযোগ করে হিসাব পুনরায় চালুর আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা পুনর্গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে এবং আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে সহায়ক হবে।