মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে তেহরানের সাথে হওয়া যে জেসিপিওএ বা পরমাণু চুক্তিটি ছিঁড়ে ফেলেছিলেন, ঘুরে-ফিরে ঠিক সেই একই চুক্তিতেই তাকে ফিরতে হচ্ছে। ইরানের ওপর এক ব্যয়বহুল ও চাপিয়ে দেয়া যুদ্ধের পর অবশেষে চরম নতিস্বীকার করতে বাধ্য হচ্ছেন ট্রাম্প।
সাবেক এই মার্কিন কর্মকর্তার মতে, ইরানের সাথে এক সমঝোতায় পৌঁছানোর মাধ্যমে ট্রাম্প আসলে সেখান থেকেই নতুন করে শুরু করতে যাচ্ছেন, যেখানে সাবেক ওবামা প্রশাসন যুক্তরাষ্ট্রকে রেখে গিয়েছিল।
তিনি স্পষ্ট করে বলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ ইরানের বিরুদ্ধে কোনো ধরনের যুদ্ধ চায়নি। এই পুরো সঙ্ঘাতটিই ছিল ট্রাম্পের নিজস্ব জেদ আর ভুল সিদ্ধান্তের ফল।
কমলা হ্যারিস জানান, ইরানের সাথে আলোচনার টেবিলে বসার পর ট্রাম্প হয়তো নিজের মতো করে একতরফা বিজয় ঘোষণা করার চেষ্টা করবেন। কিন্তু বাস্তবতা হলো, পরমাণু চুক্তি থেকে বের হয়ে গিয়ে তিনি পুরো বিশ্বকে যে সঙ্কটে ফেলেছিলেন, দিনশেষে সেই একই চুক্তিতে ফিরে এসে তাকে মুখ রক্ষা করতে হচ্ছে।
তিনি আরো জানান, ট্রাম্প যে চুক্তিকে একসময় ইতিহাসের সবচেয়ে খারাপ চুক্তি বলে উপহাস করেছিলেন, আজ নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে ইরানের সাথে সেই একই চুক্তি করতে হয়েছে তাকে।
সূত্র: হামশাহরি


