দিল্লিতে মানসিক ভারসাম্যহীন মুসলিম নারীকে যৌন হেনস্তা, হিন্দু যুবক গ্রেফতার

ইতোমধ্যেই পুলিশ একটি সিসিটিভি ফুটেজ পেয়েছে। তাতে দেখা যাচ্ছে, একজন ইট দিয়ে বৃদ্ধার ওপর হামলা চালাচ্ছে, এরপর তাকে ধর্ষণের চেষ্টা করছে।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

ভারতের রাজধানী দিল্লিতে যৌন হেনস্তার শিকার হলেন মানসিক ভারসাম্যহীন এক মুসলিম বৃদ্ধা (৭০)। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে বিষ্ণু ওরফে ভিকি (২৮) নামের এক হিন্দু যুবককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৭ জুন) দেশটির একটি সংবাদমাধ্যম জানায়, শুক্রবার ভোররাতে দিল্লির ত্রিলোকপুরী এলাকায় এই ঘটনাটি ঘটে। এরই মধ্যে এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদমাধ্যমটি আরো জানায়, ঘটনাটি প্রকাশ্যে আসে গত শনিবার সকাল সাড়ে ৬টার দিকে। এক পথচারী ওই বৃদ্ধাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ কন্ট্রোল রুমে ফোন করেন। পরে ময়ূর বিহার থানার পুলিশ গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করে গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করে।

পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন, রাস্তাতেই থাকেন। ভিক্ষা করে দিনযাপন করেন। ডাক্তারি পরীক্ষায় তার শরীরে গুরুতর শারীরিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার মুখে ফোলাভাব ছিল এবং ছিল আঘাতের চিহ্নও।

পুলিশ মনে করছে- তাকে মারধর করা হয়েছে। একইসাথে তদন্তকারীরা মনে করছেন- তাকে যৌন হেনস্তার পাশাপাশি শ্লীলতাহানি করা হয়েছে।

ইতোমধ্যেই পুলিশ একটি সিসিটিভি ফুটেজ পেয়েছে। তাতে দেখা যাচ্ছে, একজন ইট দিয়ে বৃদ্ধার ওপর হামলা চালাচ্ছে, এরপর তাকে ধর্ষণের চেষ্টা করছে।

এই ঘটনায় বেশ ক্ষুব্ধ স্থানীয়রা। তারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এরই মধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। ঘটনার সময় যুবকটি নেশাগ্রস্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।