ভারতের হালকা মেশিন গানে এবার ইসরাইলি দূরবিন

ভারত তাদের নেগেভ ৭ হালকা মেশিনগানের সক্ষমতা বাড়াতে ইসরাইলের উন্নত দৃষ্টিসহায়ক যন্ত্র (অপটিক) কেনার উদ্যোগ নিয়েছে। এ জন্য প্রায় ১০ হাজার ‘মেপ্রো এক্স৬’ দূরবিন সংগ্রহ করা হবে, যা প্রায় এক কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু নির্ভুলভাবে শনাক্ত ও আঘাত করতে সহায়তা করবে।

নয়া দিগন্ত অনলাইন
নেগেভ হালকা মেশিনগানে মেপ্রোলাইটের মেপ্রো এক্স৬ স্কোপ
নেগেভ হালকা মেশিনগানে মেপ্রোলাইটের মেপ্রো এক্স৬ স্কোপ |সংগৃহীত

ভারত নিজ সামরিক বাহিনীর হালকা মেশিন গানের কার্যকারিতা বাড়ানোর পদক্ষেপ হিসেবে ইসরাইল থেকে আধুনিক দূরবিন বা দৃষ্টিসহায়ক যন্ত্র কেনার পরিকল্পনা বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে অন্তত ১০ হাজার দিনকালীন ব্যবহার উপযোগী দূরবিন কেনা হবে।

সোমবার ইসরাইলের দৈনিক জেরুসালেক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী তাদের নেগেভ হালকা মেশিনগানের জন্য ইসরাইল ভিত্তিক মেপ্রোলাইট কোম্পানির তৈরি ‘মেপ্রো এক্সসিক্স’ নামের একটি নতুন ডে-টাইম অপটিক বা দিনের বেলার দৃষ্টিসহায়ক যন্ত্র বেছে নিয়েছে। সীমান্ত অঞ্চলের ভারতীয় সেনাদের দূরপাল্লার লক্ষ্যভেদের ক্ষমতা বাড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই খবরটির মধ্য দিয়ে ভারত ও ইসরাইলের মধ্যকার গভীর সামরিক সম্পর্কের বিষয়টি নতুন করে সামনে এসেছে। মূলত নব্বইয়ের দশক থেকে ভারত ও ইসরাইলের মধ্যকার অংশীদারিত্ব ক্রমশ বৃদ্ধি পেয়েছে। এটি এক সময়ের সাধারণ ক্রেতা-বিক্রেতার সম্পর্ক থেকে এখন ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং ছোট অস্ত্রের উৎপাদনের মতো কৌশলগত সহযোগিতায় রূপ নিয়েছে। তারই ধারাবাহিকতায় ইসরাইল ওয়েপনস ইন্ডাস্ট্রিজ বা আইডব্লিউআই-এর তৈরি এবং গাজা ও লেবাননের যুদ্ধে ব্যবহৃত হালকা মেশিন গান পরিবারের আধুনিক সংস্করণ ‘নেগেভ সেভেন’ এখন ভারত সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় ভারতেই তৈরি হচ্ছে।

এই চুক্তির আওতায় আসা মেপ্রোলাইট মেপ্রো এক্সসিক্স হলো একটি হালকা ওজনের দূরবীন বা দৃষ্টিসহায়ক যন্ত্র, যা ১০০০ মিটার বা প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। চওড়া দৃশ্যপট দেখার সুবিধাযুক্ত এই আধুনিক যন্ত্রটি অত্যন্ত শক্তপোক্ত এবং এটি একটি মাত্র সাধারণ ব্যাটারিতে চলে। মেপ্রোলাইটের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দূরবিনগুলো বিশেষ করে ভারতীয় সেনাবাহিনীর প্রয়োজনের কথা মাথায় রেখে তাদের উপযোগী করে তৈরি করা হয়েছে। ভারতের স্থানীয়করণের শর্ত পূরণ করার জন্য মেপ্রোলাইট কোম্পানিটি আরআরপি ডিফেন্সের সাথে প্রযুক্তি হস্তান্তর চুক্তি সই করেছে, যা দেশীয়ভাবে এই যন্ত্র তৈরি করে মূল ঠিকাদার ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বা বিইএল-এর কাছে সরবরাহ করবে।