খামারিদের উন্নয়ন ও ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারি প্রকল্পের সার্থকতা : কৃষিমন্ত্রী

Printed Edition
বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবন উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও পানিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ :  নয়া দিগন্ত
বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবন উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও পানিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রকল্পের সাফল্য শুধু অবকাঠামো নির্মাণ বা অর্থ ব্যয় সম্পন্ন করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এর প্রকৃত লক্ষ্য হওয়া উচিত কৃষক, খামারি ও উৎপাদকের জীবনমানের উন্নয়ন এবং তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা।

গতকাল মঙ্গলবার সাভারে বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সমাপনী কর্মশালা এবং নবনির্মিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এর আগে মন্ত্রী প্রাণিসম্পদ অধিদফতরের অধীন বাস্তবায়নাধীন এলডিডিপি প্রকল্পের আওতায় নবনির্মিত বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ড ভবনের ফলক উন্মোচন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কৃষিমন্ত্রী বলেন, শুধু প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প গ্রহণ নয়, বরং বাস্তব উপকারভোগীদের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নের প্রধান শর্ত হলো উৎপাদকের ন্যায্যমূল্য নিশ্চিত করা। কৃষক যদি তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য না পান, তাহলে এ খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব হবে না। উৎপাদন ও বাজারের মধ্যে বিদ্যমান সমন্বয়হীনতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, অনেক সময় উৎপাদক জানেন না কোথায় কী পরিমাণ চাহিদা রয়েছে, আবার উৎপাদিত পণ্যও সময়মতো ভোক্তার কাছে পৌঁছায় না। ফলে মধ্যস্বত্বভোগীরা লাভবান হলেও কৃষক ও খামারিরা বঞ্চিত হন।

এই ব্যবধান কমিয়ে উৎপাদক ও বাজারের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনে সরকার কাজ করবে। কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গবেষণা ছাড়া উৎপাদনশীলতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা অর্জন সম্ভব নয়। এ কারণে সরকার ভবিষ্যতে এ খাতে গবেষণা কার্যক্রমে আরো বেশি বিনিয়োগ করবে। পাশাপাশি দেশে উৎপাদিত ভ্যাকসিন ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, যেসব ভ্যাকসিন দেশেই উৎপাদন সম্ভব, সেগুলোর ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করা হবে, কারণ আত্মনির্ভরশীলতা অর্জনই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিজ্ঞানীদের জনগণের অর্থে পরিচালিত প্রতিটি প্রকল্পের সুফল সরাসরি জনগণের কাছে পৌঁছে দেয়ার নির্দেশ দেন।

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো: শাহজামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেন, অতিরিক্ত সচিব মো: ইমাম উদ্দীন কবীর এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ডেইরি ডেভেলপমেন্ট বোর্ডের নির্বাহী পরিচালক ড. শাহীন আরা বেগম, পিএএ এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো: মোস্তফা কামাল অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।