প্রধানমন্ত্রীর প্রতি বিড়িশ্রমিকদের কৃতজ্ঞতা

Printed Edition

রংপুর ব্যুরো

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে গণমুখী ও বাস্তবভিত্তিক আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বিড়িশ্রমিক ফেডারেশন। বাজেটে বিড়ি শিল্পের ওপর শুল্ক অপরিবর্তিত রাখায় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনের নেতারা। গতকাল সোমবার বেলা ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বৃহত্তর রংপুর বিড়িশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাভলুর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বিড়িশ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিড়ি শিল্প দেশের অন্যতম প্রাচীন শ্রমঘন শিল্প। দীর্ঘ দিন ধরে এ শিল্প লাখো শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলকে ‘বিড়ি শিল্পের স্বর্ণযুগ’ মনে করতেন শ্রমিকরা। তার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রস্তাবিত বাজেটে বিড়ি শিল্পের ওপর শুল্ক অপরিবর্তিত রাখায় এ খাতের শ্রমিকদের কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষিত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি দেশীয় বিড়ি শিল্পের স্বার্থে বহুজাতিক কোম্পানির নিম্নস্তরের সিগারেট নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়ার পাশাপাশি শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে বিড়িশ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি বিবেচনার আহ্বান জানান। একইসাথে নকল বিড়ি উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।