নিজস্ব প্রতিবেদক
সরকার ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ব্যাংকঋণ নির্ভর গরিব মারার বাজেট বলে আখ্যায়িত করে, গণমুখী করতে প্রয়োজনীয় সংশোধনী আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর, ঢাকা মহানগরী উত্তরের আমির প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেছেন, প্রস্তাবিত বাজেট জনগণকে হতাশ করেছে।
গতকাল রাজধানীতে প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঢাকা-১৪ আসনের এমপি ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমানের পক্ষে একটি ভ্যান গাড়ি এবং ব্যবসার জন্য নগদ অর্থ উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, সরকার বৃহদাকার বাজেট ঘোষণা করলেও উল্লেখ্যযোগ্য একটি অংশ ব্যাংক ঋণনির্ভর। সরকারই যদি ব্যাংকের সব টাকা ঋণ নেয়, দেশে উদ্যোক্তা সৃষ্টি হবে না। মানুষের কর্মসংস্থানের সুযোগও সীমিত হয়ে পড়বে। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই ঋণনির্ভর বাজেটের অশুভ বৃত্ত থেকে সরকারকে অবশ্যই বেরিয়ে এসে উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টির পথকে অবারিত করতে হবে। সে লক্ষ্যেই একজন দরিদ্র ভাইয়ের আত্মকর্মসংস্থানের জন্য ভ্যান ও নগদ অর্থ দিচ্ছি। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জামায়াতের এ কল্যাণকামিতা আগামী দিনেও অব্যাহত থাকবে। প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে দেশের শিক্ষা ও স্বাস্থ্যখাত বরাবরের মতোই উপেক্ষিত হয়েছে। দরিদ্র জনগোষ্ঠীর ওপর চাপানো হয়ে মাত্রাতিরিক্ত করের বোঝা। আশা করব সরকার আমাদের পরামর্শ গ্রহণ করে প্রস্তাবিত বাজেট সংশোধনে ইতিবাচক পদক্ষেপ নেবে। সরকারকে রাজনৈতিক সঙ্কীর্ণতা থেকে বেরিয়ে এসে দেশের বৃহত্তর স্বার্থে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে।
এ সময় অনুষ্ঠানে ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, মহানগরীর মজলিসে শূরা সদস্য ডা: মাঈনুদ্দীন ও জি এম হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ।


