ক্রীড়া ডেস্ক
সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে মুখোমুখি অস্ট্রিয়ার প্রতিপক্ষ আজ জর্দান। হাই-প্রেসিং ফুটবল ও সাম্প্রতিক চমৎকার ফর্মের কারণে এই ম্যাচে স্পষ্ট ফেবারিট অস্ট্রিয়া। অন্য দিকে বিশ্বকাপ অভিষেকে বড় চমক দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে জর্দান। বাংলাদেশ সময় আজ সকাল ১০টায় মাঠের লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।
রিয়াল মাদ্রিদ তারকা ডেভিড আলাবা এবং ডর্টমুন্ডের মার্সেল সাবিতজারের নেতৃত্বাধীন অস্ট্রিয়া দুর্দান্ত ফর্মে আছে। তারা টানা তিন জয়ে আত্মবিশ্বাসী হয়ে এই টুর্নামেন্টে খেলতে নামলেও প্রতিপক্ষ জর্দান তাদের শেষ পাঁচ ম্যাচের প্রতিটিতেই জয়হীন। অস্ট্রিয়া বল পজিশন নিজেদের নিয়ন্ত্রণে রেখে দ্রুত প্রেস করে জর্দানের রক্ষণভাগে চাপ সৃষ্টি করার চেষ্টা করবে।
অস্ট্রিয়া উয়েফা বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত অভিযান সম্পন্ন করেছে। গ্রুপ ‘এইচ’-এর আটটি ম্যাচের মধ্যে তারা ছয়টিতে জয়, একটিতে ড্র এবং মাত্র একটিতে পরাজিত হয়ে মূল পর্বের যোগ্যাতা অর্জন করেছে। শেষ ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার সাথে ১-১ গোলে গুরুত্বপূর্ণ ড্র অস্ট্রিয়াকে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন নিশ্চিত করে।
জর্দান দলের মূল ভরসা ফরাসি ক্লাব রেনে-তে খেলা উইঙ্গার মুসা আল-তামারি। ইব্রাহিম সাবরা দল থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় তার পরিবর্তে দলে এসেছেন মোহাম্মদ তাহা। বিশ্বকাপ বাছাইপর্বে আটটি গোল করা ইয়াজান আল নাইমাত ডিসেম্বর থেকে চোটের কারণে দলের বাইরে রয়েছেন। তবে আক্রমণভাগের তিনজন খেলোয়াড় হিসেবে মুসা তামারি, আলি অলওয়ান এবং ওদেহ ফখুরির শুরুর একাদশে থাকার সম্ভাবনা রয়েছে। সব কিছুর পর অস্ট্রিয়ার অভিজ্ঞতার বিপক্ষে জর্দানের তরুণ ও লড়াকু মানসিকতা ম্যাচটিকে রোমাঞ্চকর করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।


