বহিষ্কৃত শিবির নেতা জিসান কারাগারে

Printed Edition

কুমিল্লা প্রতিনিধি

ধর্ষণ ও ভ্রƒণ নষ্টের মামলায় অভিযুক্ত ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান আহমেদ প্রধানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

গতকাল বিকেলে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কড়া নিরাপত্তার মধ্যে তাকে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক তৈয়ব উদ্দিন আহমেদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত পুলিশের পরিদর্শক মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জিসান জেলার দাউদকান্দি উপজেলার বীরবাগ গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

আদালতে হাজির করার সময় জিসানের মাথায় হেলমেট এবং পরনে পুলিশি নিরাপত্তা ভেস্ট ছিল।

জিসানের আইনজীবী মনির হোসেন সাংবাদিকদের বলেন, তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে কারা হাসপাতালে রাখার আবেদন করা হয়েছে। তবে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়। তিনি অভিযোগ করেন, পুলিশ জিসানের সাথে আইনজীবীদের কথা বলতে দেয়নি।

এর আগে গ্রেফতার জিসান সুস্থ না অসুস্থ এ বিতর্ক এড়াতে রোববার হাসপাতাল কর্তৃপক্ষ চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে। কুমেক হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা: মো: শাহজাহান বলেন, মেডিক্যাল বোর্ড গঠন করার পর বেশ কিছু পরীক্ষা করা হয়। এতে জিসান সুস্থ বলে প্রমাণ পাওয়ায় তাকে মঙ্গলবার রিলিজ দেয়া হয়েছে।